২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের হার

স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আবারো তালিকার শীর্ষে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 10:15 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

মাদ্রিদ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ২-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আবারো তালিকার শীর্ষে উঠে এসেছে। দিনের অন্যান্য খেলায় সেভিয়া ২-১ গোলে মালাগাকে, ভিলা রিয়াল ১-০ গোলে স্পোর্টিং গিজনকে ও গেতাফে একই ব্যবধানে হারায় দের্পোতিভো জেরেজকে। এছাড়া গোল শূন্য ড্র হয়েছে তেনেরিফে ও রিয়াল ভালাদোলিদের খেলা। রিয়াল মাদ্রিদের মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে জাভি হার্নান্দেজের বানিয়ে দেয়া বল জালে জাড়িয়ে সফরকারীদের এগিয়ে নেন লিওনেল মেসি, ৩৩ মিনিটে। চেয়ে চেয়ে দেখেন রোনালদো আর হিগুয়েনরা। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। উল্টো ৫৬ মিনিটে আবারো জাভির কাছ থেকে বল পেয়ে রিয়াল মাদ্রিদের জালে পাঠিয়ে দেন আক্রমণভাগের খেলোয়াড় পেদ্রো ইলিজার। এতে রীতিমতো চাপে পড়ে ম্যানুয়েল পেলেগ্রিনির দল মাদ্রিদ। শেষ পর্যন্ত সেই চাপ থেকে আর বের হয়ে আসতে পারেনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার বার্সা। এ জয়ের ফলে ৩১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সব দলের শীর্ষে এখন বার্সা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৫৫৭ ঘ.