লন্ডন, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের খেলাতেই আবার মাঠে দেখা যেতে পারে ওয়েন রুনিকে। সেদিন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
মিউনিখে গত মঙ্গলবার বায়ার্নের সঙ্গে প্রথম পর্বের খেলায় চোট পান ইংল্যান্ড স্ট্রাইকার। ম্যান ইউ ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন শুক্রবার বলেছিলেন, দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠে নামতে পারবেন না রুনি। খেলায় বায়ার্ন জেতে ২-১ গোলে।
ক্লাব কর্মকর্তারা বলছেন, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে দ্রুত সেরে উঠছেন রুনি। তাই বায়ার্নের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।
এর আগে কর্মকর্তারা আশা করেছিলেন ১৭ এপ্রিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে পারবেন রুনি। কিন্তু ফার্গুসন আগে-ভাগেই মাঠে ফিরিয়ে আনতে চান তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫২ ঘ.
bdnews24