মিয়ামি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেন থেকে বিদায় নিয়েছেন চতুর্থ র্যাঙ্কিংসেরা রাফায়েল নাদাল। শুক্রবার সেমিফাইনালে অ্যান্ডি রডিকের কাছে হেরে যান তিনি। অন্য সেমিফাইনালে সুইডেনের রবিন সোডারলিংকে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বারডিক।
টানা ১১ মাস কোনো শিরোপার দেখা না পাওয়া স্পেন তারকা নাদাল ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত প্রাধান্য ধরে রাখতে ব্যর্থ হন ষষ্ঠ বাছাই যুক্তরাস্ট্রের অ্যান্ডি রডিকের বিপক্ষে।
প্রথম সেটে নাদাল জেতেন ৪-৬ গেমে। কিন্তু পরের সেটে ঘুরে দাঁড়ান রডিক। নাদালকে হারান ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেটে একই ব্যবধানে নাদালকে হারিয়ে ম্যাচ জেতেন রডিক।
ফাইনালে যাওয়ার আনন্দে উদ্বেলিত রডিক সাংবাদিকদের বলেন, "শেষের দু'সেটে আমি অনেক ঝুঁকি নিয়েছি। আর সে কারণেই সফল হয়েছি, জিতেছি ম্যাচ।"
ম্যাচ হেরে হকচকানো নাদাল বলেন, "শুরু থেকে তার (রডিক) আগ্রাসী খেলা দেখে আমি অবাক হয়েছি।"
বারডিক ফাইনালের টিকেট নিশ্চিত করেন রবিন সোডারলিঙ্কের বিপক্ষে সহজ জয়ে। টানা সেটে (৬-২ ও ৬-২) র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা রবিনকে হারিয়ে দেন র্যাঙ্কিংয়ে ২০তম খেলোয়াড় বারডিক।
রোববার প্রতিযোগিতার ফাইনাল হবে মিয়ামির কি বিসকেইনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৬৪৫ ঘ.
bdnews24