মিয়ামি, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের সেমিফাইনালে স্পেনের রাফায়েল নাদাল খেলবেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকের বিপক্ষে।
মেয়েদের সেমিফাইনালে বেলজিয়ামের জাস্টিন হেনিন মুখোমুখি হবেন তারই দেশের কিম ক্লিস্টার্সের।
বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় নাদাল ৬-৩ ও ৬-২ সেটে হারান ফ্রান্সের জো উইলফ্রেড সঙ্গাকে। আর বিশ্ব র্যাঙ্কিংয়ের আট নম্বর খেলোয়াড় রডিক সেমিফাইনালে ওঠেন স্পেনের নিকোলাস অ্যালমাগ্রোকে ৬-৩ ও ৬-৩ ব্যবধানে হারিয়ে।
প্রতিপক্ষ সম্পর্কে নাদাল বলেন, "তিনি (রডিক) একজন বড় মাপের মানুষ। আর অবশ্যই একজন ভালো খেলোয়াড়।" সেমিফাইনালে তিনি আক্রমণাত্বক খেলা খেলবেন বলে জানান।
এদিকে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে হেনিন ৬-৭, ৬-৩ ও ৬-৪ সেটে হারান প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে। আর ক্লিস্টার্স সেমিফাইনালে ওঠেন ৬-৩ ও ৭-৫ ব্যবধানে অস্ট্রেলিয়ার সামান্থা স্টসারকে হারিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮১২ ঘ.
bdnews24