লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বুধবার ইব্রাহিমোভিচের জোড়া গোলের পরও অমীমাংসিতভাবে শেষ হয়েছে আর্সেনাল-বার্সেলোনা ম্যাচ। উভয় দলই দু'টি করে গোল করে।
অন্য খেলায় ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কোকে।
এমিরেটস স্টেডিয়ামে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি আর্সেনাল কিংবা বার্সেলোনা, কোনো দলই। তবে ১৫ মিনিটে লিওনেল মেসির নেয়া একটি চমৎকার শট আরো চমৎকারভাবে ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক ম্যানুয়েল আলমুনিয়া।
খেলার ৪৬ মিনিটে সুইডেনের আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমোভিচের গোলে ১-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। হার্নান্দেজ জাভির বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি ইব্রাহিমোভিচের। গোলটি করেন তিনি ৫৯ মিনিটে। এতে কিছুটা চাপে পড়ে আর্সেনাল। তবে বদলি খেলোয়াড় ২১ বছর বয়সি থিও ওয়ালকট এক গোলে শোধ করেন, ৬৯ মিনিটে।
খেলার ৮৫ মিনিটে গানার্স অধিনায়ক ফেব্রেগাসকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কাতালান অধিনায়ক কার্লেস পুয়লকে। সেই সঙ্গে পেনাল্টি পায় আর্সেনাল। ফেব্রেগাসের পেনাল্টি থেকে খেলায় সমতা ফেরায় আর্সেনাল।
পায়ে চোট পাওয়ায় ৬ এপ্রিল ফিরতি ম্যাচে খেলতে পারবেন না ফেব্রেগাস।
অন্য খেলায় ঘরের মাঠে হোসে মরিনহোর দল ইন্টার মিলান দিয়েগো আলবার্তো মিলিতোর একমাত্র গোলে (৬৫ মি:) জিতেছে সিএসকেএ মস্কোর বিপক্ষে। ৬ এপ্রিল ফিরতি ম্যাচে আবারো মুখোমুখি হবে উভয় দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭২৮ ঘ.
bdnews24