ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। বুধবার ৫-২ গোলে মেরিনার ইয়াংসকে হারায় তারা। অন্য খেলায় অ্যাজাক্স ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। খেলা তিন মিনিটে জামিল বিন তালিব ফিল্ড গোলে আবাহনীকে এগিয়ে নেন। ২০ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে আরো এগিয়ে যায় আসাদুজ্জান চন্দনের দল।
দ্বিতীয়ার্ধে প্রাণবন্ত খেলা উপহার দেয় উভয় দলই। ৪৯ মিনিটে নিলয়ের গোলে আবাহনী ৩-০ তে এগিয়ে যায়। তবে তিন মিনিট পরই মাইনুল ইসলামের গোলে ব্যবধান ৩-১ এ কমিয়ে আনে মেরিনার ইয়াংস। ৫৯ মিনিটে আবাহনীর পক্ষে চতুর্থ গোল করেন লাবু নাহিদ চৌধুরী। তিন মিনিট পর আবারো একটি গোল শোধ করেন মাইনুল। শেষ মুহূর্তে জামিল বিন তালিবের গোলে ৫-২ ম্যাচ জিতে নেয় আবাহনী।
একই মাঠে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারায় অ্যাজাক্স। উভয় অর্ধে একটি করে ফিল্ড গোল করে অ্যাজাক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৩০ ঘ.
bdnews24