লন্ডন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ নিজ খেলায় জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। তবে ড্র করায় খানিকটা পিছিয়ে পড়েছে আর্সেনাল।
চেলসি ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলাকে। সেই সঙ্গে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে যায় কিছুক্ষণের জন্য। চেলসির ৭ গোলের মধ্যে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড একাই করেন চার গোল। কিন্তু সন্ধ্যায় দিমিতার বার্বাতোভের জোড়া গোলের সুবাদে বোল্টন ওয়ান্ডারার্সকে ৪-০ তে হারিয়ে চেলসিকে পেছনে ফেলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড, ৭২ পয়েন্ট নিয়ে। অন্য খেলায় বার্মিংহাম সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করায় পিছিয়ে পড়ে গানার্সরা। ৬৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
রেলিগেশনের ঝুঁকিতে থাকা পোর্টসমাউথকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ স্থান আরো শক্ত করেছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-০ গোলে জিতেছে স্টোক সিটির বিপক্ষে। ফুলহ্যাম ০-২ গোলে হেরেছে হাল সিটির কাছে। অমীমাংসিতভাবে শেষ হয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও এভারটনের খেলাটি। গোল করতে পারেনি কোনো দলই।
ম্যান ইউ ও চেলসি আগামী সপ্তাহে মুখোমুখি হবে, ওল্ড ট্র্যাফোর্ডে।
খেলার প্রথমার্ধে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল অ্যাস্টন ভিলা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি। চেলসির খড়গ নেমে আসে ভিলার ওপর। খেলার শুরুতেই ফ্লোরেন্ট মালুদার কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের মাঝ-মাঠের খেলোয়াড় ল্যাম্পার্ড ভিলার জালে বল জড়িয়ে দেন। এরপরই গোল শোধে মরিয়া হয়ে ওঠে ভিলা। জন কেরু গোল করে সমতায় ফেরান দলকে।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে-আগে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারো এগিয়ে নেন ল্যাম্পার্ড। ভিলার রক্ষণভাগের খেলোয়াড় জেমস কলিন্স ইউরি ঝিরিকভকে অবৈধভাবে মাটিতে ফেলে দেয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
খেলার ঠিক এক ঘন্টা আগে পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক করেন ল্যাম্পার্ড। ঝিরিকভের বিপক্ষে আবারো ফাউল, আবারো পেনাল্টির বাঁশি।
এর আগেই অবশ্য দলকে ৩-১ এ এগিয়ে নেন মালুদা।
এরপর পঞ্চম গোলের জন্য মালুদাকে বল বানিয়ে দেন ল্যাম্পার্ড। কাক্সিক্ষত জায়গায় বল পাঠাতে মোটেও ভুল করেননি মালুদা। ছয় নম্বর গোলটি করেন স্যালোমন কালু। সপ্তমটি আসে আবার ল্যাম্পার্ডের পা থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৯ ঘ.
bdnews24