ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ রাইফেলস। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ পুলিশ দল।
শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপনী দিনের খেলায় বাংলাদেশ রাইফেলস ৩০-২১ গোলে হারায় বিএএইচএফ সভাপতি যুব দলকে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ৫৯-১৪ গোলে জিতেছে বাংলাদেশ আনসারের বিপক্ষে।
প্রতিযোগিতায় নিজেদের অন্য দু'টি ম্যাচে বাংলাদেশ রাইফেলস ৩৭-১১ গোলে বাংলাদেশ আনসারকে এবং ৩৭-২৮ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়।
এদিকে বাংলাদেশ পুলিশ প্রথম ম্যাচে বিএএইচএফ সভাপতি যুব দলের সঙ্গে ড্র করে (৩১-৩১) এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রাইফেলসের কাছে হেরে যায়।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলের ১০ নং জার্সিধারী মাহবুব প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নূরুল ফজল বুলবুল ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ ফেডারেশনের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২২৩৮ ঘ.
bdnews24