মাদ্রিদ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধারাবাহিকভাবে ভালো খেলার জন্য অনেকেই বার্সেলোনার তারকা আর্জেন্টিনার মাঝ-মাঠের খেলোয়াড় লিওনেল মেসিকে তুলনা করেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী দিয়েগো আরমান্দো মারাদোনার সঙ্গে। কিন্তু খোদ মেসিই বলছেন, তিনি তার আদর্শের কাছাকাছি কখনোই যেতে পারবেন না। জাতীয় দলের কোচের সঙ্গে তুলনা করারও কোনো ইচ্ছে তার নেই।
কোচের সঙ্গে তুলনা করা হলেও আর্জেন্টিনার হয়ে মারাদোনা যে চমক দেখিয়েছেন তার ধারে কাছেও যেতে পারেননি তিনি (মেসি)। এ কথা স্বীকার করতেও দ্বিধা করেননি তিনি নিজেই। এএসকে বলেন, "এমন কি, লাখ লাখ বছর পেরিয়ে গেলেও আমি মারাদোনার কাছাকাছিও যেতে পারবো না।" তিনি সে চেষ্টা করেনও না বলে জানান। বলেন, "মারাদোনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।"
বরং মেসি তার ইচ্ছের কথা জানান খুবই জোর দিয়ে, "যা করেছি তা দিয়েই আমি আমার ইতিহাস রচনা করতে চাই।"
বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে খেলার মধ্যে পার্থক্য রয়েছে বলে উল্লেখ করে মেসি বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ দলটি বেশ ভালো। দক্ষিণ আফ্রিকায় খেলার ব্যাপারে দারুণ অবস্থায় আছে আর্জেন্টিনা।
মেসি বলেন, "বার্সেলোনা ও জাতীয় দলের হয়ে মাঠে নামার মধ্যে পার্থক্য আছে। আমি বলছি না যে জাতীয় দলে ভালো খেলোয়াড় নেই। বরং দলে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড়রাই। কিন্তু একই সঙ্গে অনুশীলন করার মতো পর্যাপ্ত সময় আমরা পাই না। সব কিছুই ঘটতে থাকে দ্রুত। একটি খেলার আগে মাত্র দু'দিন সময় হাতে পাওয়া যায়।"
দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপ আর্জেন্টিনায় নিয়ে যাওয়া মেসির স্বপ্ন, "এর চেয়ে সুন্দর আর কোনো কিছুই হতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২২৮ ঘ.
bdnews24