মাদ্রিদ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে গেতাফেকে। এর ফলে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
দিনের অন্য খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে।
সেরি 'আ' তে দিনের একমাত্র খেলায় নাপোলি ৩-১ গোলে জিতেছে জুভেন্টাসের বিপক্ষে।
গেতাফের মাঠে খেলার প্রথমার্ধে রোনালদোর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ১৩ মিনিটে। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়েন। ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে ৩-০ তে নিয়ে যান আক্রমণভাগের খেলোয়াড় হিগুয়েন।
৩৭ মিনিটে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোলটি। এক মিনিট পর ডানিয়েল পেদ্রো শোধ করেন একটি গোল। প্রথমার্ধ শেষ হয় ৪-১ ব্যবধানে।
বিরতির পর গেটেফের জালে আর বল পাঠাতে পারেনি রিয়াল। তবে খেলার ৮০ মিনিটে পেদ্রো লিওঁ আরেকটি গোল শোধ করেন। ফলে হার মেনেই মাঠ ছাড়ে গেটেফে।
২৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে ফিরলো ম্যানুয়েল পেলেগ্রিনির দল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা।
এদিকে নিজেদের মাঠে নেপোলি হারিয়েছে জুভেন্টাসকে। খেলার প্রথমার্ধের ৭ মিনিটেই জিওজিও শিয়েলিনি এগিয়ে দেন জুভেন্টাসকে।
বিরতির পর মাঝ মাঠে খেলোয়াড় ম্যারেক হামস্কির গোলে খেলায় সমতায় ফেরায় নেপোলি ৫১ মিনিটে। ফ্যাবিও কুয়াগলিরেলার গোলে ৭২ মিনিটে ব্যবধান (২-১) বাড়ায় নেপোলি। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন জেকুয়েল ল্যাভেজ্জি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে নেপোলি।
৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ নেপোলি। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সপ্তম স্থানে জুভেন্টাস।
এছাড়া শীর্ষে রয়েছে হোসে মরিনহোর দল ইন্টারমিলান ৬৩ পয়েন্ট নিয়ে (৩০)। সমান ম্যাচে এএস রোমা ৫৯ নিয়ে দ্বিতীয়। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে এসি মিলান (তৃতীয়)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/
bdnews24