মাদ্রিদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় লিওনেল মেসির হ্যাট্রিকে বোরবার রিয়াল জারাগোজাকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্যান্য খেলায় মালাগা ২-০ গোলে ভিলারিয়ালকে ও একই ব্যবধানে আলমেরিয়ার বিপক্ষে জিতেছে ভালেন্সিয়া। আর মালোর্কা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও ব্ল্যাকবার্ন রোভার্সের খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয় দু'দলের মধ্যে।
সেরি 'আ' তে সাম্পদোরিয়া ১-০ গোলে হারিয়েছে জুভেন্টেসকে। এছাড়া এসি মিলান ও নাপোলি, শিয়েভো ও কাতানিয়া এবং বারি ও পার্মার খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তিনটি খেলায় ছয়টি দলই একটি করে গোল করে।
লা রোমারেদা স্টেডিয়ামে খেলার পাঁচ মিনিটে জারাগোজার জালে বল জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় মেসি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়েছিল বার্সেলোনা।
খেলার ৬৬ মিনিটে জারাগোজার জালে বল পাঠিয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। ৭৮ মিনিটে আবারো গোল করে হ্যাট্রিক করেন ২২ বছর বয়সী মেসি।
গত সপ্তাহে ভালেন্সিয়ার বিপক্ষেও হ্যাট্রিক করেছিলেন তিনি। এ মৌসুমে এটি তার দ্বিতীয় হ্যাট্রিক। এছাড়া লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ গোলও তার।
কিন্তু মেসির এই ছন্দময় ফুটবলও দমিয়ে রাখতে পারেনি জারাগোজাকে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় তারা। খেলার ৮৫ ও ৮৯ মিনিটে দু'টি গোল শোধ করেন আদ্রিয়ান কোলুঙ্গা। তবে জারাগোজার কফিনে শেষ পেরেক ঠোকেন ইব্রাহিমোভিচ, ৯০ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
এ জয়ে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার দল বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে রিয়াল মাদ্রিদ (২৭ ম্যাচ) ।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রোভার্স নিজেদের মাঠে চোখ ঝলসানো ফুটবল খেলে চেলসির কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়েছে। খেলা অমীমাংসিত থাকে ১-১ গোলে।
খেলার ৬ মিনিটে দিদিয়ের দ্রগবার গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির পর গোল শোধে মরিয়া উঠে ব্ল্যাকবার্ন। ৭০ মিনিটে হাজি দিউফের গোলে খেলায় সমতা ফেরায় ব্ল্যাকবার্ন।
খেলার বাকি সময় আর গোল করতে পারেনি কোনো দলই। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে। ঠিক তার পেছনেই রয়েছে আর্সেনাল ৬৭ পয়েন্ট নিয়ে। আর এক ম্যাচ কম খেলে চেলসির সংগ্রহ ৬৫ (তৃতীয়)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮০৯ ঘ.
bdnews24