২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ফার্নান্দো তোরেজের জোড়া গোলে ফিরতি ম্যাচে বৃহস্পতিবার লিলি ওএসসিকে ৩-০ গোলে উড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্য ম্যাচে জুভেন্টাসকে ৪-১ এ হারিয়ে অলরেডদের সঙ্গী হয়েছে আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

লন্ডন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্নান্দো তোরেজের জোড়া গোলে ফিরতি ম্যাচে বৃহস্পতিবার লিলি ওএসসিকে ৩-০ গোলে উড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অন্য ম্যাচে জুভেন্টাসকে ৪-১ এ হারিয়ে অলরেডদের সঙ্গী হয়েছে আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যামও। ঘরের মাঠে খেলার প্রথমার্ধের ৮ মিনিটেই স্টিভ জেরার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর ফার্নান্দো তোরেজের ৪৯ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে অলরেডরা। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলকে তৃতীয় গোল এনে দেন তোরেজ (৮৯ মি:)। প্রথম পর্বে রাফায়েল বেনিতেজের দল ১-০ গোলে হেরেছিল লিলির কাছে। ফলে মোট ৩-১ গোল ব্যবধানে পরবর্তী পর্বে লিভারপুল। দিনের অন্য খেলায় জোল্টান জেরার জোড়া গোলে ফুলহ্যাম হারায়। খেলার দুই মিনিটেই ডেভিড সার্জিওর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু সাত মিনিট পরেই ববি জামোরার গোলে খেলায় সমতা ফেরায় ফুলহ্যাম (১-১)। ৩৯ মিনিটে জেরার গোলে প্রথমার্ধেই অধিনায়ককে হারানো জুভেন্টাসের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করে ফুলহ্যাম। সায়মন ডেভিসের পাস থেকে জেরার দ্বিতীয় গোল ৩-১ তে এগিয়ে দেয় ফুলহ্যামকে। ৮২ মিনিটে জুভেন্টাসের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্লিনটন ড্রিউ ডেম্পসে। প্রথম পর্বে জুভেন্টাস ৩-১ গোলে হারায় ফুলহ্যামকে। ফলে ৫-৪ গোল ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে ফুলহ্যাম। দিনের অন্যান্য খেলায় ভিএফএল উলভসবার্গ ২-১ গোলে রুবিন কাজানকে , আন্দারলেখট ৪-৩ গোলে হামবুর্গ এসভিকে, স্ট্যান্ডার্ড লিজ ১-০ তে প্যানাথিনাইকোসকে ও বেনফিকা ২-১ গোলে অলিম্পিক মার্শেইকে হারিয়ে আসরের শেষ আটে জায়গা করে নেয়। এদিকে ভ্যালেন্সিয়া ৪-৪ এ ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ও স্পোর্টিং লিসবন ২-২ এ ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। কিন্তু অ্যাওয়ে গোল ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ভ্যালেন্সিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২০২০ ঘ.