ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে শুক্রবার মুখোমুখি হচ্ছে ঘরোয়া লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
পয়েন্ট তালিকায় দুই শীর্ষ দলের লড়াইয়ে এগিয়ে আছে ঢাকা আবাহনী। ১১ ম্যাচে পূর্ণ ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে অমলেশ সেনের দল। পক্ষান্তরে এক ম্যাচ কম খেলে মোহামেডানের সংগ্রহ ২৬।
লিগের অষ্টম রাউন্ড পর্যন্ত শিরোপা প্রতিযোগিতায় সমান তালেই এগিয়ে যাচ্ছিলো ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। উভয় দলের-ই ছিল ২৪ পয়েন্ট করে। কিন্তু নবম ও দশম রাউন্ডে জয় না পাওয়ায় লড়াইয়ে পিছিয়ে পড়ে সাদা-কালোর দল।
নবম রাউন্ডে শেখ রাসেল ক্রীড়া চক্র ও দশম রাউন্ডে বিয়ানীবাজার এসসি'র সঙ্গে ড্র করায় লড়াইয়ে পিছিয়ে পড়ে মতিঝিলের ক্লাবটি।
লিগের ১৩তম পর্বে মোহামেডানের জয় লিগ প্রতিযোগিতাকে জমিয়ে তুলবে। পক্ষান্তরে আবাহনী জিতলে শিরোপা ধরে রাখার মিশনে অনেক এগিয়ে যাবে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় খেলা শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২১৫ ঘ.
bdnews24