ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেরা চারে উঠে এসেছে ফেনী সকার ক্লাব। দ্বাদশ পর্বের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে শুকতারা যুবসংঘকে ও বিয়ানীবাজার এসসি ২-০ গোলে হারায় রহমতগঞ্জ এমএফএসকে।
ঘরের মাঠে খেলার প্রথমার্ধেই চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে ফেনী সকার। ২২ মিনিটে আনোয়ারের গোলে ১-০ তে এগিয়ে যায় সকার। বাকি সময়ে কোনো দলই গোল পায়নি।
উত্তেজনাপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপ্লব লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।
নারায়ণগঞ্জ স্টেডিয়ামে শুকতারা ও আরামবাগের মধ্যকার খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে আরামবাগের ডমিনিক জয় সূচক গোলটি করেন। ফলে হার মেনে মাঠ ছাড়ে শুকতারা।
এদিকে সিলেট স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে খেলার প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে যায় বিয়ানীবাজার। ম্যাচের ১৫ মিনিটে বেঞ্জামিন দলের পক্ষে গোলটি করেন। অতিরিক্ত সময়ে সোহেল রানার গোলে ব্যবধান দ্বিগুন করে (২-০) বিয়ানীবাজার।
১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়নকে টপকে সেরা চারে ফেনী সকার। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী বিয়ানীবাজার ও রহমতগঞ্জের সংগ্রহ সমান (১১ পয়েন্ট করে)।
অন্যদিকে ১১ ম্যাচে আরামবাগের সংগ্রহ ১৩ ও শুকতারার ৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১০৭ ঘ.
bdnews24