ক্যালিফোর্নিয়া, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রজার ফেদেরারকে হারিয়ে টেনিস বিশ্বকে চমক দেখালেন সাইপ্রাসের মার্কোস বাঘদাতিস। এটিপি টুর্নামেন্টে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে ২-১ সেটে বিশ্বের এক নম্বর তারকাকে হারান তিনি।
প্রথম সেট ৫-৭ গেমে জিতলেও বাকি দুই সেটে ধারাবাহিকতা দেখাতে পারেননি সুইস তারকা রজার ফেদেরার। হেরেছেন ৭-৫ ও ৭-৬ গেমে। ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জগদ্বিখ্যাত রজার ফেদেরারকে হারানোই মার্কোসের ক্যারিয়ার সেরা সফল্য।
এ জয়ে যেন মুক্তির স্বাদ পেলেন মার্কোস। তিন বলেন,"আমি বিশ্বের সেরা তারকাদের বিপক্ষে হেরেছি বহুবার। এই বিজয় আমাকে সেই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি দেবে।"
আচমকা হোঁচট খাওয়া ফেদেরার ভাষা খুঁজে পাচ্ছিলেন না,"আমি ঠিক বিজয়ের পথ খুঁজে পাইনি।"
অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন নেদারল্যান্ডের থিমো ডি বাকারের বিপক্ষে। ৬-৩ ও ৬-৪ গেমে ম্যাচ জেতেন তিনি।
এদিকে আরেক মার্কিন মাইকেল রাসেল ৬-৩ ও ৭-৫ গেমে হারান ব্রিটেনের অ্যান্ডি মারেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এসএ/২০০৬ ঘ.
bdnews24