লন্ডন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে মঙ্গলবার ইন্টার মিলানের কাছে ০-১ গোলে হারায় কোয়ার্টার ফাইনাল যাওয়া হলো না ইংলিশ দল চেলসির। অন্যদিকে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো।
সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান প্রথম পর্বে নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিলো প্রতিপক্ষ চেলসিকে। এরপর ফিরতি জয় তাদেরকে অনায়াসে পৌঁছে দেয় কোয়ার্টার ফাইনালে।
অন্যদিকে গতমাসে প্রথম পর্বের খেলায় মস্কোতে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো সিএসকেএ মস্কো। দ্বিতীয় লেগ জেতায় সেভিয়া'র স্বপ্ন গুড়িয়ে দিয়ে ১৭ বছর পর আবারো কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ পায় সিএসকেএ।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও ইন্টার মিলানের মধ্যকার তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে উঠে উভয় দল। আক্রমণ-পাল্টা আক্রমণ শেষে ৭৮ মিনিটে এগিয়ে যায় ইতালির ক্লাব ইন্টার মিলান। নিশানা ভেদ করেন ক্যামেরুনের ফরোয়ার্ড স্যামুয়েল ইতো।
সমতায় ফিরতে মরিয়া ব্লুজরা বাকি সময় আর ইন্টারের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি। শেষপর্যন্ত চেলসিকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয় পর্বের টিকিট নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর ইন্টার মিলান।
খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের উচ্ছসিত প্রশংসা করেন মিলানের কোচ হোসে মরিনহো,''এ পর্যন্ত আমরাই সেরা। দারুণ খেলেছে দল। খেলোয়াড়রাও তাদের সেরাটা উজার করে দিয়েছে।''
চ্যাম্পিয়ন্স লিগে ইতালির প্রতিনিধি এখন শুধুই ইন্টার। তা সম্ভব হয়েছে ইংলিশ দল চেলসির বিদায়ের মধ্য দিয়ে। তাই বলে চেলসিকে ভুলে যাননি মরিনহো। বলছেন,"দলের জন্য এটা অনেক বড় জয়। সাজঘরে জয়টা বেশ উপভোগ করেছি। তবে চেলসি, এই মাঠ (স্ট্যামফোর্ড ব্রীজ) এবং তাদের সমর্থকদের এখনো ভালবাসি। কিন্ত আমি পেশাদার।''
অন্যদিকে গত ছয় মৌসুমের পাঁচবারই শেষ আটে থাকা চেলসির জন্য মঙ্গলবার ছিল দু:স্বপ্নের একটি রাত। হতাশ চেলসি কোচ কার্লো আনচেলত্তির মুখেও ছিলো প্রতিপক্ষের প্রশংসা,''ইন্টার ভাল খেলেছে। সত্যি বলতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে না পারায় হেরেছি। এখন অন্য আসরগুলো দিকে মনোযোগ দিতে চাই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/এসএ/১৮৫৫ ঘ.
bdnews24