রোম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আ'র শীর্ষ দল ইন্টার মিলানকে হারিয়ে চমক দেখালো রেলিগেশনের ঝুঁকিতে থাকা কাতানিয়া। পিছিয়ে পড়েও শুক্রবার তারা ৩-১ গোলে হারায় হোসে মরিনহোর দলকে।
এদিকে জার্মানির বুন্দেসলিগায় ২-১ গোলে স্কালকে ০৪ হারায় ভিএফবি স্টুর্টগার্ট।
ঘরের মাঠে কাতানিয়ার খেলোয়াড়রা প্রথম থেকেই চেপে ধরে ইন্টারকে। তারপরও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি। তবে বিরতির পর চাপ কাটিয়ে ওঠে ইন্টার মিলান। ছন্দ ফিরে পায় খেলায়। ৫৩ মিনিটে এগিয়েও যায়, দিয়োগো আলবার্তো মিলিতোর গোলে। কিন্তু ইন্টারের এই ছন্দ ছিল ক্ষণস্থায়ী। ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত।
পাল্টা আক্রমণ থেকে মাক্সি লোপেজের গোলে কাতানিয়া খেলায় সমতা ফেরায় ৭৪ মিনিটে।
ইন্টারের বদলি খেলোয়াড় সুলে মুনতারি ৮১ মিনিটে বক্সের ভেতর মারাত্মক ফাউল করলে পেনাল্টি পায় কাতানিয়া। সেই সঙ্গে পরপর দু'বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মুনতারিকে। গিউসেপে মাসকারার পেনাল্টি শটে ২-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা। খেলার অন্তিম মুহূর্তে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠোকেন জর্জ অ্যান্দ্রেস মার্তিনেজ। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় মরিনহোর দলকে।
২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে আছে ইন্টার মিলান । এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান, পয়েন্ট ৫৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৪৫ ঘ
bdnews24