চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যালিস্টার কুকের শতকের ওপর ভর করে ইংল্যান্ড এগিয়ে চলেছে বড় স্কোরের পথে। প্রথম টেস্টের প্রথমদিন শুক্রবার চা-বিরতি পর্যন্ত রান তুলেছে ২৪৩, দুই উইকেটে।
অ্যালিস্টার কুক ১১৩ রানে ব্যাট করছেন। সীমানার ওপারে বল পাঠিয়েছেন ১০ বার। হাওয়ায় ভাসিয়ে দু'বার। তিনি তার টেস্ট জীবনের একাদশ শতকে পৌঁছান ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে। তবে ছক্কার সংখ্যা বাড়েনি।
তাকে সঙ্গ দিচ্ছেন কেভিন পিটারসেন ৫১ রান নিয়ে।
সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অত্যন্ত সতর্কতার সঙ্গে ইনিংসের উদ্বোধন করেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও মাইকেল কারবেরি। বিশেষ করে স্পিনারদের মোকাবেলা করার ব্যাপারে তারা ছিলেন অতিমাত্রায় সতর্ক। ৭২ রানের একটি দৃঢ় ভিত্তি রচনার পর ভাঙ্গন ধরে উদ্বোধনী জুটিতে।
মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে কারবেরি করেন ৩০ রান। তবে প্রথম থেকেই মাহমুদুল্লাহর বল ঠিক মতো খেলতে পারছিলেন না এই ম্যাচে অভিষেক হওয়া কারবেরি। অস্বস্তি বোধ করছিলেন সব সময়। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে সুইপ করে বসেন স্ট্যাম্পের ওপরের বলটি। কিন্তু ব্যাট যায় বাতাস কেটে। আর বল আঘাত হানে প্যাডে। আঙ্গুল তুলতে এক মুহূর্তও দেরি করেননি আম্পায়ার। টেলিভিশন রিপ্লেও প্রমাণ করেছে তার সিদ্ধান্তের যথার্থতা।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের সঙ্গে ৭৭ রানে যোগ হওয়ার পর বিদায় নেন জনাথন ট্রট। রুবেল হোসেনের বাউন্সারে পুল করেন তিনি। কিন্তু বলটি তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। একটু দেরি করলেও শেষ পর্যন্ত আঙ্গুল তোলেন আম্পায়ার। তবে খুশি হতে পারেননি ট্রট। অন্তত তার চেহারায় তাই স্পষ্ট হয়ে উঠেছিল। ৭৭ বল খেলে ৩৯ রান করেন তিনি। ৪ মেরেছেন তিনটি।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ছয় বোলার ব্যবহার করেছেন। সফলতার মুখ দেখেছেন কেবল মাহমুদুল্লাহ।
বাংলাদেশের খেলোয়াড়রা হলেন সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, আফতাফ আহমদে, মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম ইসলাম, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও সাহাদাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এমআই/টিআর/১১৪৩ ঘ.
bdnews24