ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ঢাকা মোহামেডানের খেলোয়াড়দের ওপর হামলায় বিয়ানী বাজার স্পোর্টিং ক্লাবকে এক লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সিটিসেল বাংলাদেশ লিগ পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে বিয়ানী বাজারকে সতর্ক করে দেওয়ারও সিদ্ধান্ত হয়।
বাফুফে ভবনে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লিগ পরিচালনা কমিটির বৈঠক শুরু হয়। এ সময়ে মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বিয়ানী বাজার ক্লাবকে পেশাদার লীগ থেকে বহিস্কার ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
এক ঘণ্টারও বেশি স্থায়ী বৈঠক শেষে লিগ পরিচালনা কমিটির সভাপতি বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী জানান, ''নিজস্ব ভেন্যুতে ম্যাচ আয়োজনে দায়িত্বে অবহেলার জন্য সিলেট বিয়ানী বাজার ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নিজেদের মাঠে ম্যাচ আয়োজনে কোনো গাফিলতি ধরা পড়লে তাদের ভেন্যু বাতিল করা হবে বলে সতর্ক করা হবে।"
"এছাড়া পরবর্তীতে লিগের কোনো ম্যাচে নিয়মানুযায়ী ডাক্তার ও অ্যাম্বুলেন্স নিশ্চিত করার জন্য ম্যাচ কমিশনারদের বলা হয়েছে,'' জানান মুর্শেদী।
বাফুফের এ শাস্তিকে নগণ্য হিসেবে বিবেচনা করছে মোহামেডান। তবে এখনই কোনো মন্তব্য করতে চাননি ক্লাব কর্মকর্তারা।
মোহামেডান কর্মকর্তারা বলছেন, বাফুফে থেকে বৈঠকে সিদ্ধান্ত সম্পর্কে তাদেরকে চিঠি দেওয়ার পরই তাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার ক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে মোহামেডান সমর্থক গোষ্ঠি।
মঙ্গলবার সিলেট ওসমানি স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ম্যাচের পর খেলোয়াড়দের ওপর স্থানীয়দের হামলায় মোহামেডানের গোলরক্ষক আমিনুল ও শাকিল, ডিফেন্ডার নাসির, ওয়ালী ফয়সাল, মিডফিল্ডার শাকিল, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম ও স্ট্রাইকার এমিলি আহত হন।
খেলোয়াড়দের শারীরিক নিগ্রহের প্রতিবাদে ও দোষীদের বিপক্ষে শাস্তির দাবিতে বুধবার এক সংবাদ সম্মেলনে মোহামেডান ঘটনার তদন্ত ও সিলেট বিয়ানী বাজার স্পোর্টিংকে লিগ থেকে বহিস্কারের দাবি জানিয়ে বাফুফেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়।
এরপর ঘটনায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে বাফুফের লিগ পরিচালনা কমিটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিয়ানীবাজার ক্লাবও ঐ ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক অভিহিত করে দায়ীদের শাস্তি দিতে তদন্তের জন্য বাফুফের কাছে দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/পিডি/২২৪৫ ঘ.
bdnews24