২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রতি ক্ষোভ রকিবুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ওপরই ক্ষোভ রকিবুল হাসানের। অভিযোগ এনেছেন বিসিবির কাছ থেকে অবহেলা আর বঞ্চনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 07:26 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ওপরই ক্ষোভ রকিবুল হাসানের। অভিযোগ এনেছেন বিসিবির কাছ থেকে অবহেলা আর বঞ্চনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার রকিবুল বলেন, "আমাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। ইচ্ছে করেই ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দল থেকে বাদ দেয়া হয়েছিল। নিউজিল্যান্ড সফরেও উপক্ষা করা হয় আমাকে। তাই আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।" একদিন আগে বিসিবিকে দেয়া পদত্যাগ পত্রে রকিবুল হাসান লিখেছেন "ব্যক্তিগত কারণে আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।" চব্বিশ ঘন্টা পরই বেরিয়ে এসেছে পদত্যাগের আসল ঘটনা। বঞ্চনা সইতে না পেরে অভিমান করেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ধীরে ধীরে বেড়ে যাওয়া ক্ষোভ প্রকাশ পেয়েছে ক্রিকেটকে না বলে দেয়ার মধ্য দিয়ে। রকিবুল বলছিলেন, "ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে বাদ পড়ার পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যোগ্যতা দিয়ে টেস্ট দলে ফিরবো এবং অবসর নেব। তাই করেছি।" তিনি আরো বলেন, "আমাকে আসন্ন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলেও রাখা হয়নি। এটা বৈষম্য ছাড়া আর কি হতে পারে?" এদিকে রকিবুলের মন্তব্যের জবাবে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোর্ডের কর্মকর্তারা জাতীয় দল নির্বাচন করেন না। এ জন্য তিন নির্বাচক আছেন। তারাই ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে দল গঠন করেন। রকিবুল যখন ভালো খেলেছে তখন তো তাকে বাদ দেয়া হয়নি। 'ফর্মে' ছিল না বলেই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল। এটাই নিয়ম। বিশ্বে অনেক বড় ক্রিকেটারেরই খারাপ সময় গেছে। তারা ভালো খেলেই আবার দলে ফিরেছেন।" একজন পেশাদার ক্রিকেটার হিসেবে রকিবুলের এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি বলেও মনে করেন জালাল ইউনুস। তার মতে, "সে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার। কোন অভিযোগ থাকলে আমাদের লিখিত জানাক। তার জবাব দেবে বোর্ড। এখানে মান-অভিমানের কোনো সুযোগ নেই। তার বোঝা উচিত সে দেশের জন্য খেলছে, বিসিবির জন্য নয়।" ওদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, "রকিবুলের বিদায়ের সিদ্ধান্ত এক পাক্ষিক এবং অনাকাঙ্খিত। তার মত তরুণ ক্রিকেটারের কাছ থেকে দেশ আরো অনেকদিন 'সার্ভিস' পাবে বলেই আমরা মনে করি। আশা করি রকিবুল শিগগিরই মূলধারার ক্রিকেটে ফিরবে।" ভবিষ্যতে ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে রকিবুল বলেন, "ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতেই ভেবে দেখবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৩ ঘ.