লন্ডন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকে লিওঁয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কেননা দুই পর্বের খেলায় ২-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। অন্য খেলায় ওয়েন রুনির জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এসি মিলালকে।
এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার নিজেদের মাঠ টার্ফ মুরে বার্নলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে। খেলায় দুই দলই একটি করে গোল করে।
ঘরের মাঠে তীব্র উত্তেজাপূর্ণ খেলায় রিয়াল মাদ্রিদকে প্রথমার্ধের ৬ মিনিটে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকায় প্রাণবন্ত হয়ে ওঠে খেলা।
বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে কাকা, হিগুয়াইনরা। বেশ কয়েকটি সুযোগও নষ্ট করেন রিযালের খেলোয়াড়রা। তবে গোল শোধে মরিয়া লিওঁ-ও বসে থাকেনি। পাল্টা আক্রমণ থেকে ৭৫ মিনিটে মাঝ মাঠের খেলোয়াড় মিরালেম জ্যানিচ গোল শোধ করেন।
খেলার বাকি সময় কোন পক্ষই আর গোল করতে পারেনি। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে।
অন্য খেলায় ওল্ড ট্রাফোর্ডে এসি মিলানকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলার শুরু থেকেই স্যার আলেক্স ফার্গুসনের দল চেপে ধরে এসি মিলানকে। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। ওয়েন রুনির গোলে ম্যান ইউ এগিয়ে যায় খেলার ১৩ মিনিটেই। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
কিন্তু গোল উৎসব থেমে থাকেনি রেড ডেভিলসদের। ৫৯ মিনিটে ম্যান ইউকে ৩-০ তে এগিয়ে নেন জি সুং পার্ক। রেফারির শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে মিলানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ড্যারেন ফ্লেচার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৫০ ঘ.
bdnews24