২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর জয়, শেখ রাসেলের ড্র

বাংলাদেশ লিগ ফুটবলের একাদশ রাউন্ডেও বুধবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ঢাক আবাহনী। এতে চির-প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের চেয়ে তারা সাত পয়েন্টে এগিয়ে গেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 07:24 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগ ফুটবলের একাদশ রাউন্ডেও বুধবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ঢাক আবাহনী। এতে চির-প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের চেয়ে তারা সাত পয়েন্টে এগিয়ে গেলো। ফেনীতে অন্য ম্যাচে ফেনী সকার ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো পক্ষই গোল করতে পারেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে জিতলেও ভালো খেলতে পারেনি ঢাকা আবাহনী। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের সুযোগ পায় অমলেশ সেনের দল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা জ্বলে উঠতে না পারায় গোলের দেখা পাচ্ছিল না শিরোপা প্রত্যাশী দলটি। বিরতির আগে আগে সৌভাগ্যক্রমে গোল পায় আবাহনী। আবাহনীর শাহেদুল আলমের গায়ে লেগে বলটি ফরাশগঞ্জের জালে জড়িয়ে যায়। খেলার ৪৫ মিনিটে আউদু ইব্রাহিমের কাছে থেকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন শাহেদুল। বক্সের মধ্যে পৌঁছানোর পর ফরাশগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম বলটি 'ক্লিয়ার' করার চেষ্টা করেন। কিন্তু রেজাউলের শট শাহেদুলের গায়ে লেগে গতি পরিবর্তন করে ঠিকানা খুঁজে পায় জালে। বিরতির পর উভয় পক্ষই গোলের সুযোগ নষ্ট করার মহড়ায় নামে। ফলে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে। বাজে খেলার কারণ সম্পর্কে আবাহনীর কোচ অমলেশ বলেন, "খেলোয়াড়রা ম্যাচটি গুরুত্বের সঙ্গে নেয়নি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান পয়েন্ট তালিকায় অনেকটা পিছিয়ে পড়ায় খেলোয়াড়দের মধ্যে উদাসীনতা (কেয়ারলেস) কাজ করছিল।" এছাড়া তারাই (ঢাকা আবাহনী) শিরোপা জিততে চলেছে-খেলোয়াড়দের এই মানসিকতাও বাজে পারফরমেন্সের জন্য দায়ী বলে মনে করেন কোচ। এ জয়ের ফলে ১১ ম্যাচে ঢাকা আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ৩৩। ঢাকা মোহামেডানের পয়েন্ট ১০ ম্যাচে ২৬। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেল রয়েছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২২২ ঘ.