ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে গোলবন্যায় ভাসালো রহমতগঞ্জ এমএফএস। সোমবার মুক্তিযোদ্ধাকে ১-৫ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে রহমতগঞ্জ। দলের বিদেশী ফরোয়ার্ড রাফায়েলের জোড়া গোলে (১১ ও ২১ মিনিট) এগিয়ে যায় তারা। ২৩ মিনিটে টিপুর গোলে মুক্তিযোদ্ধা ব্যবধান কমিয়ে এনেও তাদের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
বিরতির আগেই উল্টো আরো দুটি গোল আদায় করে নেয় রহমতগঞ্জ। ৩১ মিনিটে ফেলিক্স এবং ৪০ মিনিটে মোহাম্মদ মামুন গোল করেন। মুক্তিযোদ্ধার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন পাশবান ৮৭ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/সিজি/২১৫০ ঘ.
bdnews24