ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ২৪তম আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র্যাঙ্কিং গ্র"প- ৩ প্রতিযোগিতায় বালক দ্বৈতে শিরোপা জিতেছে কেডচাপানা ও লিয়ানডার লেজারো। এছাড়া বালিকা দ্বৈতের শিরোপা জিতেছে ইউ জোয়াংশো ও মিং নিং ডেং জুটি।
এদিকে প্রতিযোগিতার বালক এককের ফাইনালে উঠেছে চীনের জিং জাও ও ভারতের মোহিত ময়ুর জয়প্রকাশ।
বালিকা এককের ফাইনালে উজবেকিস্তানের সাবিনা সারিপোভা মুখোমুখি হবেন চীনের ইউ জোয়াংশোর।
রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুক্রবার বালকদের দ্বৈত ফাইনালে কেডচাপানা এবং লিয়ানডার লেজারো জুটি ৬-৩ ও ৭-৫ গেমে পেশাউইত বোরাফারিটা এবং সাই কার্তিক নাকিরেড্ডি জুটিকে হারান।
বালিকা দ্বৈতে ইউ জোয়াংশো এবং মিং নিং ডেং জুটি ৬-২ ও ৬-৩ গেমে রতনিকা বাত্রা এবং শেরন সঞ্চনা পাওল জুটির বিপক্ষে জয় পায়।
একই ভেন্যুতে বালক এককের সেফিফাইনালে চীনের জিং জাও ৬-৩ ও ৭-৬ ব্যবধানে ভারতের সাই কার্তিক নাকিরেড্ডিকে এবং অপর সেমিফাইনালে ভারতের মোহিত ময়ুর জয়প্রকাশ ৬-৩ ও ৬-৩ গেমে চীনের বেয়েন ওইয়াংকে পরাজিত করেন।
বালিকা এককের সেমিফাইনালে উজবেকিস্তানানের সাবিনা সারিপোভা ৬-২ ও ৬-৪ গেমে ভারতের রতনিকা বাত্রাকে হারান। অপর সেমিফাইনালে চীনের সাই সাই জেং অসুস্থতার কারণে কোর্টে নামতে না পারায় স্বদেশি ইউ জোয়াংশো ওয়াক-ওভার পেয়ে ফাইনালে ওঠে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বালক ও বালিকা এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন গ্রামীণফোন লিমিটেডের হেড অব প্রোডাক্টস মাইকেল মালভেবো ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/১৯৩০ ঘ.
bdnews24