বার্লিন, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানিকে ০-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্যান্য খেলায় স্পেন ২-০ গোলে ফ্রান্স ও ইংল্যান্ড ৩-১ গোলে মিশরের বিপক্ষে জিতেছে। অমীমাংসিতভাবে শেষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও ক্যামেরুনের খেলাটি। গোল করতে পারেনি কোনো পক্ষই।
জার্মানির মাঠ অ্যালিয়াজে আর্জেন্টিনার সঙ্গে সমান তালে লড়ে যায় জার্মানি। জয়ের হাসি হেসেছে ডিয়েগো ম্যারাডোনার দল।
প্রথমার্ধের ৪৫ মিনিটে গঞ্জালো হিগুইনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নিতে পারেনি জার্মানি। ফলে হার মেনেই মাঠ ছড়তে হয় তাদের।
আরেক ম্যাচে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সকে। খেলার ২০ মিনিটে স্পেন এগিয়ে যায় ডেভিড ভিলার গোলে। সের্জিও রামোসের গোলে ব্যবধান দ্বিগুন করে স্পেন, ৪৫ মিনিটে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে চেষ্টা করেও ফ্রান্স খেলায় ফিরতে পারেনি।
এছাড়া পিছিয়ে পড়েও পিটার ক্রাউচের জোড়া গোলে মিশরকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধের ২৩ মিনিটে মোহাম্মদ জিদানের গোলে এগিয়ে যায় মিশর। তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৫৭ মিনিতে খেলায় সমতা ফেরান ক্রাউচ। অপর বদলি খোলোয়াড় শন ফিলিপসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৮০ মিনিটে মিশরের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্রাউচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮৩৬ ঘ.
bdnews24