ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে মঙ্গলবার শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করেছে ঢাকা মোহামেডান। অন্য ম্যাচে ফেনী সকার ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ও মোহামেডানের খেলায় কোনো পক্ষই গোল করতে না পারায় লাভ হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান দৃঢ় হয়েছে তাদের।
অষ্টম রাউন্ড পর্যন্ত ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ছিল সমান। কিন্তু নবম রাউন্ডে শেখ রাসেলের কাছে পয়েন্ট খুইয়ে আবাহনীর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে পড়েছে মোহামেডান। ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ঢাকা আবাহনী। সমান ম্যাচে ঢাকা মোহামেডানের পয়েন্ট ২৫ এবং শেখ রাসেলের ২৩।
এদিকে ফেনী স্টেডিয়ামে ফরাশগঞ্জ ও ফেনী সকার ক্লাবের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে আরাফাত আলী রনির গোলে জয় নিশ্চিত করে ফরাশগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩১৮ ঘ
bdnews24