ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থ সফর শেষে কলম্বো থেকে অনেকটা নীরবেই দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া ২১ ফুটবলার ও তিন কর্মকর্তা সোমবার দুপুরে দেশে ফেরেন।
তবে দলের সঙ্গে আসেননি কোচ সাইফুল বারী টিটো ও সহকারী কোচ মো. পনির। তারা পরে দেশে ফিরবেন বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) জানিয়েছে।
এএফসি চ্যালেঞ্জ কাপের গ্র"প পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচেই শক্তিশালী তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়েছিল।
কিন্তু মিয়ানমারের কাছে ২-১ গোলে হেরে সে সম্ভাবনা কিছুটা হলেও নষ্ট করেন আমিনুলরা। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে হেরে সেমিফাইনালে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়।
ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক আমিনুল সাংবাদিকদের বলেন, "টানা ম্যাচ খেলে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এছাড়া অতিরিক্ত গরমও ফুটবলারদের দুর্বল করে তোলে।"
তারপরও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আমিনুল। বলেন, "আমরা এখন বড় দলগুলোর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২৩৪৬ ঘ.
bdnews24