মাদ্রিদ, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিলা রিয়ালকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ার সেরি আতে জয় পেয়েছে তিন বড় দল এ এস রোমা, এসি মিলান ও জুভেন্টাস। রোমা ১-০ গোলে কাতানিয়াকে, জুভেন্টাস ২-১ গোলে বোলগনাকে ও মিলান ২-০ গোলে বারিকে হারায়। ইংলিশ প্রিমিয়ার লিগে উইগ্যান অ্যাথলেটিককে হারিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। গোল করতে পারেনি কোনো দলই।
রিয়াল মাদ্রিদ চোখ ঝলসানো ফুটবল খেলে জয় তুলে নেয় ভিলা রিয়ালের বিপক্ষে। আক্ষরিক অর্থেই নিজেদের মাঠে ভিলাকে দাঁড়াতেই দেয়নি রিয়াল। দু'টি করে গোল করেন গঞ্জালো হিগুয়েন ও কাকা। অবশ্য গোল উৎসবের সূচনা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন তিনি।
তিন মিনিট পর পেনাল্টি থেকে গোলে করে ব্যবধান বাড়ান কাকা।
ভিলা রিয়ালের মার্কো সেনা ৩১ মিনিটে এক গোল শোধ করেন। কিন্তু ৫৪ মিনিটে হিগুয়েনের গোলে ৩-১ এ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
আবারো এক গোল শোধ করেন নিলমার, ৬৬ মিনিটে। শেষ ২০ মিনিটে হিগুয়েন, কাকা ও হাভি আলোনসোরের গোলে স্রেফ উড়ে যায় ভিলা রিয়াল।
এ জয়ের ফলে ২৩ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫৬ তে। সমান ম্যাচে শীর্ষ দল বার্সেলোনার পয়েন্ট ৫৮। ফলে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ।
লা লিগার দিনের অন্যান্য ম্যাচে মধ্যে অ্যাথলেটিক বিলবাও ৪-১ গোলে টেনেরিফেকে, মালাগা ২-১ গোলে অ্যাস্পানলকে, স্পোর্টিং গিজন ৩-১ গোলে জারাগোজাকে, আলমেরিয়া ১-০ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারায়। ওসাসুনা ও ভ্যালাদোলিদের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে উইগ্যান অ্যাথলেটিকের মাঠে রোমান পাভলেচেঙ্কোর শেষ সময়ের জোড়া গোলে ৩-০ তে জয় তুলে নেয় টটেনহ্যাম হটস্পার। খেলার ২৭ মিনিটে জার্মেইন ডিফোর গোলে এগিয়ে যায় হটস্পার। ৮৫ মিনিটে পাভলেচেঙ্কো ব্যবধান বাড়ান। অতিরিক্ত সময়ে (৯০ ) তৃতীয় গোলটিও করেন তিনি।
এ জয়ের ফলে গোল গড়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে যায় টটেনহ্যাম।
ইস্টল্যান্ডে লিভারপুল ও ম্যান সিটির খেলায় কোনো প্রাণ ছিল না। উভয় দলই সহজ কয়েকটি সুযোগ নষ্ট করে।
ভিলা পার্কে স্টিভেন ফ্লেচারের গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে এগিয়ে যায় বার্নলে। কিন্তু বিরতির আগেই অ্যাশলে ইয়াংয়ের গোলে খেলায় সমতা ফিরে আসে। কিন্তু বিরতির পর ১৩ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে বসে বার্নলে। স্টুয়ার্ট ডাউনিংয়ের দু'টি, এমিলি হেসকি ও গ্যাব্রিয়েল অ্যাগবনলাহো, এই গোল চারটি করেন। ফলে ৫- ২ গোলে হার মেনে মাঠ ছাড়ে বার্নলে। রেলিগেশনের ঝুঁকিতে থাকা বার্নলের পক্ষে অপর গোলটি করেন মার্টিন প্যাটারসন।
অন্য ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্স নিকোলা কালিনিক, জ্যাসন রবার্টস ও গেইল গিভেটের গোলে ৩-০ তে হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। এদিকে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও ফুলহ্যাম বার্মিংহাম সিটিকে হারিয়েছে ২-১ গোলে। ফুলহ্যামের পক্ষে গোল দু'টি করেন ড্যামিয়েন ডাফ ও জামোরা।
২৭ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। সমান খেলায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, পয়েন্ট ৫৭। ৫৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। হটস্পার চতুর্থ স্থানে থাকলেও দলটি আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে ৯ পয়েন্টে। হটস্পারের পয়েন্ট ৪৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৭২৩ ঘ.
bdnews24