২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

অবশেষে তাজিকিস্তানকেও হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে এসএ গেমসের শিরোপা জয়ী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে তাজিকিস্তানকেও হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে এসএ গেমসের শিরোপা জয়ী দল। গোল করেছেন এনামুল হক (৬৭ মি:) ও আতিকুর রহমান মিশু (৭৪ মি:)। বাংলাদেশের বিপক্ষে ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই খেলতে নামে তাজিকিস্তান। শুরুতে কলম্বোর সুগাথাদাস স্টেডিয়ামের দর্শকদের মাতিয়েও রাখে এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম আসরের (২০০৬ সাল) চ্যাম্পিয়ন মধ্য এশিয়ার দল তাজিকিস্তান। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। বেশ কয়েকবার গোলের সহজ সুযোগও নষ্ট করে আমিনুলরা। অবশেষে ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক। অথচ আট জাতির এই টুর্নামেন্টে খেলার কথাই ছিল না এনামুলের। জাতীয় দলের সদ্য বিদায়ী সার্ব কোচ জোরান জর্জেভিচ তাকে বাদ দিয়েছিলেন দল থেকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাকে শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ করে দেন। নিজের সামর্থ্যরে প্রমাণ দিতে ভুল করেননি এনামুল। গোল দিয়েও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ৭০ মিনিটেই সমতা ফেরান তাজিকিস্তানের ইউসুফ রাবিভ। তবে চার মিনিট পরই মাথা দিয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন আতিকুর রহমান মিশু। ৭৯ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় চোরেভ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলকে রীতিমতো চেপে ধরে বাংলাদেশ। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি তাজিকিস্তান। ফলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এ পর্যন্ত ছয়বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জিতেছে একবারই। আগের পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তাজিকিস্তান, ড্র হয়েছে একটি। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের প্রথম আসরের সেমিফাইনালে ঢাকাতেই ৬-১ গোলে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দুটি ম্যাচেই (হোম ও অ্যাওয়ে) ২-০ ব্যবধানে, ২০০৭ সালে ঢাকাতে ১-১ গোলে ড্র করলেও ফিরতি ম্যাচে প্রতিপক্ষের মাটিতে ৫-০ গোলে হার মানে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৭ ঘ.