মিলান, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি আ'তে উজ্জীবিত নাপোলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তালিকায় শীর্ষ দল ইন্টার মিলানকে। রোববার নাপোলির সঙ্গে গোল শুন্য ড্র করে ইন্টার।
অন্য খেলায় জয় পেয়েছে জুভেন্টাস, ক্যাগলিয়ারি, সিয়েনা ও বোলোগনা। জুভেন্টাস ৩-২ গোলে জেনোয়াকে, ক্যাগলিয়ারি ৩-১ গোলে বারিকে, সিয়েনা ১-০ গোলে চিয়েভো ভেরোনাকে এবং বোলোগনা ১-০ গোলে লিভর্নোকে হারায়।
প্রতিপক্ষ নাপোলির মাঠে ভালো খেলতে পারেনি ইন্টার। তবে ভাগ্যক্রমে গোলও হজম করতে হয়নি। নাপোলি তিনটি চমৎকার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। খেলা অমীমাংসিতভাবে শেষ হলেও পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেছে ইন্টার। ২৪ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার চেয়ে এখনো সাত পয়েন্ট এগিয়ে আছে তারা। সমান ম্যাচে রোমার পয়েন্ট ৪৭। এক ম্যাচ কম খেলে তৃতীয় এসি মিলানের সংগ্রহ ৪৫। আর ইন্টার মিলানের পয়েন্ট ৫৪।
পিছিয়ে পড়েও আলেসান্দ্রো দেল পিয়েরোর জোড়া গোলে জুভেন্টাস ৩-২ ব্যবধানে জেনোয়াকে হারায়। যদিও প্রথমার্ধে মার্কো রসির গোলে এগিয়ে গিয়েছিল জেনোয়া।
এদিকে প্রতিপক্ষ পার্মার মাঠে ২-০ গোলে জিতে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে লাজিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৩ ঘ.
bdnews24