২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগ কবে?

দক্ষিণ এশিয়ান গেমস শেষ হলেও ঢাকা প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়ানোর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কবে নাগাদ লিগ শুরু হতে পারে বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটিও নিশ্চিত করে কিছু জানাতে পারছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশিয়ান গেমস শেষ হলেও ঢাকা প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়ানোর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কবে নাগাদ লিগ শুরু হতে পারে বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটিও নিশ্চিত করে কিছু জানাতে পারছে না। দু'একটি শীর্ষ ক্লাবের পক্ষ থেকে লিগ দেরিতে শুরু করার দাবি তোলায় চাপে আছেন লিগ কমিটির কর্মকর্তারা। কমিটির সম্পাদক আনভির আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিগ নিয়ে নানা বাহানা করছে আবাহনী। আমরা মার্চ থেকে শুরু করতে চাই অথচ আবাহনীর কর্মকর্তারা বলছেন, বিশ্বকাপ হকি শেষে ঢাকা লিগ শুরু করতে। তারা নাকি বিশ্বকাপের খেলোয়াড় আনবেন।" গত বছর (২০০৯ সাল) নভেম্বরে হকি লিগ শুরুর কথা থাকলেও শেষপর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয় জার্মান ফেরত জাতীয় দলের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে। নির্বাহী কমিটির সভায় তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এসএ গেমস শেষ হলেই মাঠে গড়াবে বহুল আলোচিত হকি লিগ। কিন্তু লিগ কমিটি এখনো বৈঠকে বসেনি। আগামী ২২ ফেব্র"য়ারি ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবে। প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দলগুলোর মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে লিগের নতুন সূচি। আনভির আহমেদ জানিয়েছেন, মার্চের প্রথম সপ্তাহেই তাদের লিগ শুরু করার ইচ্ছে। মার্চের প্রথম সপ্তাহে লিগ শুরু করতে চাইলেও ক্লাবগুলোর পক্ষে তা সহজেই মেনে নেওয়ার কথা নয়। কারণ লিগের জন্য দল প্রস্তুত করতে সময় চাইতে পারেন ক্লাব কর্মকর্তারা। সে ক্ষেত্রে হকি খেলোয়াড়দের মাঠে নামার অপেক্ষার দিন আরো বাড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০১ ঘ.