ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার লি বোয়ের শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্মিংহাম। তবে মারিও বারতোলির হ্যাট্রিকের সুবাদে দলটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলাকে।
খেলার শুরু থেকেই বার্মিংহামকে চেপে ধরে ম্যান ইউ। তবে বারবার আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোল করতে পারেনি।
খেলার ৫৮ মিনিটে ম্যান ইউকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় দিমিতার বার্বাতভ।
বল পেয়ে ড্যারন গিবসনের কাছে ঠেলে দিয়েই বার্বাতভ দ্রুত চলে যান বারপোস্টের কাছে। গিবসন আবার বলটি বার্বাতভকে দেন। বার্মিংহামের জালে বলটি পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার (বার্বাতভ)।
এরপর কয়েকবার আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ম্যান ইউ। উল্টো খেলার শেষ মুহূর্তে ম্যান ইউ'র বিপদ সীমানায় বার্মিংহামের নিকোলা জিগিচের হাতে লেগে বল চলে যায় বোয়ের কাছে। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষকের পাশ দিয়ে তিনি বল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ঠিকানায়। যদিও টেলিভিশন চিত্রে দেখা যায় অফসাইড ছিলেন তিনি।
খেলা শেষে জিগিচের হাতে বল লাগা ও বোয়ের অফসাইড রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ম্যান ইউ।
দিনের আরেক খেলায় ম্যানচেস্টার সিটি দাঁড়াতেই দেয়নি অ্যাস্টন ভিলাকে। খেলার ৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন বারতোলি। বিপদ সীমানায় অ্যাস্টন ভিলার এরিক লিচাজ বারতোলিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান জোলেয়ন লেস্কট। হাওয়ায় ভাসানো বল মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।
খেলার ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বারতোলি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি। ৫৫ মিনিটে পেনাল্টি শটে নিজের তৃতীয় গোলটি করেন বারতোলি।
ম্যান ইউ ১৮ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ম্যান সিটিরও পয়েন্ট ৩৮। তবে ম্যান ইউ'র চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে তারা। ১৮ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
অন্যান্য খেলায় ফুলহ্যাম ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। ব্ল্যাকপুল একই ব্যবধানে জিতেছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। ব্ল্যাকবার্ন রোভার্স ৩-১ গোলে পরাজিত করে ওয়েস্ট ব্র"মকে। টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হার মানে নিউক্যাসল। এছাড়া ওয়েস্ট হ্যাম ও এভারটনের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১২ ঘ.
bdnews24