ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি হারালেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সার্বিয়ার কোচ গোরান কার্লেভিচ।
সোমবার একথা নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি মঞ্জুর কাদের।
কোচ তার সহকারী দাবরকে নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছেন মঙ্গলবার।
ঢাকা আবাহনীর বিপক্ষে বাংলাদেশ লিগের উদ্বোধনী খেলায় মাঠেই আসেননি গোরান ও তার সহকারী দাবর।
ঘটনার সূত্রপাত হয় আগেরদিন দলের অনুশীলনের সময়। পরে রোববার রাতে প্রথম একাদশ ঘোষণা নিয়ে বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কার্লেভিচ দলের কিছু তারকা খেলোয়াড়কে বাইরে রেখে প্রথম একাদশ গঠন করেন। ক্লাব কর্মকর্তারা ওই খেলোয়াড়দের সেরা একাদশে রাখার অনুরোধ করেন। কিন্তু কোচ তা মানেননি।
কার্লেভিচ বলেন, "এমন অবস্থা চলতে থাকলে আমি থাকবো না।"
শেখ জামাল কর্মকর্তারাও তাকে জানিয়ে দেন, "আমরা তাহলে নতুন কোচ খুঁজছি।"
কার্লেভিচ ছয় মাসের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন। তিন মাস হতে না হতেই তাকে দেশে ফিরে যেতে হচ্ছে। গোরানের সঙ্গে শেখ জামালের চুক্তির মেয়াদ ছিল মার্চ পর্যন্ত।
ক্লাব ফুটবলে এর আগেও এ ধরণের ঘটনা ঘটেছে। ঢাকা মোহামেডানের কোরিয়ার কোচ ম্যান ইয়াং ক্যাং ও ঢাকা আবাহনীর আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি নির্ধারিত মেয়াদের আগেই চাকরি হারিয়ে ছিলেন।
কার্লেভিচ এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। তিনি গোরান জর্জেভিচের সঙ্গে ঢাকায় এসেছিলেন। জর্জেভিচ বাংলাদেশ দলের চাকরি হারালে কার্লেভিচকেও ফিরে যেতে হয়েছিল তখন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/টিআর/২২১৪ ঘ.
bdnews24