ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিয়েগো মারাদোনা মামলা করতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হুলিও গ্রন্দোনার বিরুদ্ধে। তার অভিযোগ, গ্রন্দোনা তার বিপক্ষে মদ ও মাদক দ্রব্য সেবনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
গ্রন্দোনা এক টেলিভিশন সাক্ষাৎকারে মারাদোনা আবারো মাদক সেবন শুরু করেছেন বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, "মারাদোনার সঙ্গে যে এ কারণে ঝামেলা হয়েছে, তা সবাই জানে।"
আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ক্লারিন সংবাদপত্রে শুক্রবার বলেন, তিনি গত ছয় বছরের একদিনও মদ বা মাদক সেবন করেননি।
মামলা করার জন্য এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক। তবে কবে মামলা করবেন তা তিনি স্পষ্ট করে বলেননি।
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তার চুক্তি নবায়ন না করায় গ্রন্দোনার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মারাদোনা। গ্রন্দোনা তাকে থেকে যেতে অনুরোধ করেছিলেন। কিন্তু মারাদোনা তার কয়েকজন সহকারীকেও তার সঙ্গে রাখার শর্ত জুড়ে দেন। কিন্তু তা মেনে না নেয়ায় চাকরি হারান তিনি।
এজন্য গ্রন্দোনাকে 'বিশ্বাসঘাতক' বলেও অভিহিত করেন মারাদোনা। তিনি চটে আছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দলের কোচ কার্লোস বিলার্দোর ওপরও।
মারাদোনা অভিযোগ করেন, গ্রন্দোনা আসলে পাগল হয়ে গেছেন। সুইজারল্যান্ডের একটি ব্যয়বহুল ক্লিনিকে এ জন্য কয়েকবার তিনি চিকিৎসাও করেন বলে অভিযোগ করেন মারাদোনা।
এখনো নতুন চাকরি জোগাড় করতে পারেননি অনেকের মতে সর্বকালের সেরা এই ফুটবলার। এ জন্য বিভিন্ন ক্লাবের সঙ্গে দেন-দরবারও করে যাচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৩ ঘ.
bdnews24