ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কোপা দেল রে'র পঞ্চম পর্বের খেলায় মঙ্গলবার বার্সেলোনার জয়ের ধারায় ছন্দপতন ঘটিয়েছে অ্যাথলেটিক বিলবাও। অমীমাংসিতভাবে শেষ হয়েছে উভয় দলের খেলা। গোল করতে পারেনি কোনো দলই।
দুই দফার খেলার প্রথমটি হয় বার্সার মাঠে। দ্বিতীয়টি হবে ৫ জানুয়ারি।
এই ম্যাচের আগে টানা ১০টি খেলায় জেতে বার্সেলোনা। তবে টানা ২৩টি খেলায় হারা না মানার রেকর্ড এখনো ধরে রেখেছে দলটি।
প্রথমার্ধে সেরা একাদশকে মাঠে নামাননি বার্সার কোচ পেপ গর্দিওয়ালা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন লিওনেল মেসি ও ডেভিড ভিয়া। কিন্তু জ্বলে উঠতে পারেননি তারা। ফলে স্বাভাবিকভাবেই গোলেরও দেখা পাননি।
বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় পেদ্্েরা রড্রিগুয়েজ বলেন, "ভালো খেলেও গোল করতে না পারা সত্যিই লজ্জার। তাদের রক্ষণভাগ ভালো খেলায় জায়গা বানিয়ে খেলতে পারিনি আমরা।"
এই মৌসুমে সব ধরনের ফুটবলে ২৭ টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে জিতেছে ২১টিতে, হেরেছে দু'টিতে ও ড্র হয়েছে চারটি খেলা।
এছাড়া গোল দিয়েছে ৭৭টি। আর খেয়েছে ১৬টি।
এদিকে ভালেন্সিয়া ও ভিয়ারিয়ালের খেলাটিও অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় কোনো গোল হয়নি।
আর কোর্দোবা ও দেপোর্তিভো লা করুনার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৮ ঘ.
bdnews24