২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের কাছে ম্যান সিটির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ম্যানচেস্টার সিটিকে ১-২ গোলে হারিয়েছে দশজনের এভারটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ম্যানচেস্টার সিটিকে ১-২ গোলে হারিয়েছে দশজনের এভারটন। এদিকে স্পেনের লা লিগায় রেসিং সান্তান্দার গোলশূন্য ড্র করেছে হারকিউলিসের সঙ্গে। ঘরের মাঠে খেলা হলেও এভারটনকে আটকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যান সিটির রক্ষণভাগে ফাটল সৃষ্টি করে এভারটন। ফল পায় হাতেনাতে। খেলার ৪ মিনিটেই এগিয়ে যায় এভারটন। সিমাস কোলম্যানের উড়িয়ে মারা বল মাঝমাঠের খেলোয়াড় টিম কাহিল মাথা দিয়ে পাঠিয়ে দেন ম্যান সিটির জালে। এভারটনের রক্ষণভাগের খেলোয়াড় লেইটন বেইনেস ব্যবধান দ্বিগুণ করেন ১৯ মিনেটে। বল বানিয়ে দেন টিম কাহিল। খেলার ৬০ মিনিটে ম্যানসিটির পাবলো জাবালেতাকে ফাউল করলে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন ভিক্টর অ্যানিচেব। ফলে দশজনের দলে পরিণত হয় এভারটন। এক জন খেলোয়াড় কমে যাওয়ার পরও সমান তালে লড়ে যেতে থাকে এভারটন। ৭২ মিনিটে ম্যান সিটির ইয়াইয়া তোরের একটি শট ঠেকাতে গিয়ে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন এভারটনের রক্ষণভাগের খেলোয়াড় ফিল জাগিয়েলকা। অতিরিক্ত সময়ে (৯০ ৪ মিনিটে) অবশ্য লাল কার্ড দেখেন ম্যান সিটির হাবিব কোলো তোরেও। ১৬ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ খেলায় ৩২ পয়েন্টে নিয়ে দলটির ঘাড়ে নিশ্বাস ফেলছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। এক পয়েন্ট কম নিয়ে তাদের পেছনেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৩ ঘ.