ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার ১০ জনের রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে সেভিয়াকে।
খেলার একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এ মৌসুমে এটি মারিয়ার পঞ্চম গোল।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান আরো কমলো। এখন ২ পয়েন্টে পিছিয়ে আছে দলটি।
সেভিয়ার এটি টানা পঞ্চম হার। আর এই মৌসুমে নিজেদের মাঠে আটটি খেলার সবগুলোতেই জিতলো রিয়াল।
চোটের কারণে খেলতে পারেননি সেভিয়ার ফ্রেদরিক কানুতে, জেসাস নাভাস ও দিয়েগো পেরোত্তি।
এদিকে চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও রামোস। তবে মাঝমাঠে জাবি অ্যালোনসোর অভাব দলটিকে বেশ ভুগিয়েছে।
খেলার শুরু থেকেই সেভিয়াকে চেপে ধরে রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডি মারিয়া একের পর এক আক্রমণ চালাতে থাকেন।
খেলার ৬৩ মিনিটে সেভিয়ার আক্রমণভাগের খেলোয়াড় অ্যালভেরো নেগরেদোকে অবৈধভাবে বাধা দেয়ায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় রিকার্দো কারভেলহো।
১০ জনের দলে পরিণত হওয়ায় পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল। তবে ৭৩ মিনিটে গোল করে স্বস্তি এনে দেন ডি মারিয়া। আর পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারায় মালাগাকে। আর গেতাফে ৩-২ গোলে জেতে আলমেরিয়ার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৩ ঘ.
bdnews24