ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্টহ্যামকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
দিনের অন্যান্য খেলায় অ্যাস্টন ভিলা ২-১ গোলে ওয়েস্ট ব্র"মকে, নিউক্যাসল ৩-১ গোলে লিভারপুলকে ও ব্ল্যাকপুল ১-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। এছাড়া এভারটন ও উইগ্যান অ্যাথলেটিক এবং ফুলহ্যাম ও সান্ডারল্যান্ডের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
খেলার ৩০ মিনিটে ইয়াইয়া তোরের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গ্যারেথ ব্যারির কাছ থেকে বল পেয়ে তীব্র শট নেন তিনি। বল আশ্রয় নেয় ওয়েস্টহ্যামের জালে।
গোল ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে ম্যান সিটি। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দলটি।
খেলার ৭৩ মিনিটে তোরের শট গোলপোস্টে লেগে ফিরে এলেও ওয়েস্টহ্যামের গোলরক্ষক রবার্ট গ্রিনের গায়ে লেগে জড়িয়ে যায় জালে।
ওয়েস্টহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অ্যাডাম জনসন। খেলার ৮১ মিনিটে ম্যান সিটির পক্ষে তৃতীয় গোলটি করেন জনসন।
খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে জেমস টমকিন্স একটি গোল শোধ করেন।
তালিকার শীর্ষ দল আর্সেনালের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে ম্যান সিটি। দুই দলেরই পয়েন্ট ৩২।
ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩১ ও চেলসি ৩০।
তবে রোববার টটেনহাম হটস্পারকে হারাতে পারলের চেলসি উঠে যাবে শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২০ ঘ.
bdnews24