২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলি ও পালের্মোর জয়, ফিওরেন্টিনার হার

ইতালির 'সেরি এ' তে মারেক হ্যামসিকের গোলে শনিবার নাপোলি ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। দিনের অন্যান্য খেলায় পিছিয়ে পড়েও পার্মার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পালের্মো। আর উদিনেসের কাছে ২-১ গোলে হার মেনেছে ফিওরেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির 'সেরি এ' তে মারেক হ্যামসিকের গোলে শনিবার নাপোলি ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। দিনের অন্যান্য খেলায় পিছিয়ে পড়েও পার্মার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পালের্মো। আর উদিনেসের কাছে ২-১ গোলে হার মেনেছে ফিওরেন্টিনা। খেলার ২৫ মিনিটে ফ্রি-কিক নেন ওয়াল্টার গ্যারগ্যানো। হাওয়ায় ভাসানো বলে মাথা দিয়ে হ্যামসিক পাঠিয়ে দেন জেনোয়ার জালে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাজিওকে ছুঁয়ে ফেললো ওয়াল্টার মাজ্জারির দল। লাজিও রোববার খেলবে জুভেন্টাসের সঙ্গে। পয়েন্ট তালিকার পঞ্চম দল পালের্মোর মাঠে খেলার ৭ মিনিটেই এগিয়ে যায় পার্মা। গোল দেন আলেসান্দ্রো লুকারেল্লি। হাওয়ায় ভাসানো কর্নার কিক মাথা দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি পালের্মো। বরং খেলা ছিল পার্মারই নিয়ন্ত্রণে। কিন্তু বিরতির পরই পাল্টে যায় চিত্র। ৫১ মিনিটে বদলি খেলোয়াড় মরিসিও পিনিল্লার গোলে খেলায় ফিরে আসে পালের্মো। ৬১ মিনিটে দলকে এগিয়ে নেন পালের্মোর ফ্যাব্রিজিও মিকোলি। ৮৯ মিনিটে পার্মার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্রিশ্চিয়ান জাকার্দো। উদিনেসের বিপক্ষে এগিয়ে গিয়েও খেলার ৬৩ মিনিটে পাবলো আরমেরো ও ৮০ মিনিটে অ্যান্টোনিও ডি নাটালির গোলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ফিওরেন্টিনাকে। এর আগে ৩১ মিনিটে ফিওরেন্টিনার মারিও সান্তানা দূরপাল্লার শটে গোল করলে এগিয়ে যায় তার দল। ১৫ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। নাপোলি ১৬ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। লাজিও'রও পয়েন্ট ৩০। তবে নাপোলির চেয়ে এক ম্যাচ কম খেলেছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৩৮ ঘ.