ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার আগে ছিল টানটান উত্তেজনা। কিন্তু মাঠে তার লেশ মাত্র ছিল না। ৫-০ গোলের ব্যবধানই বলে দেয়, কী রকম অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। আর নিজেদের মাঠে এ খেলায় জিতে বার্সেলোনা উঠে গেছে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে।
সোমবার রাতে ন্যু ক্যাম্পের এই খেলায় লড়াই শুধু দুই দলেরই ছিলো না; ছিলো লিয়নেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর, ছিলো কোচ পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর। তবে খেলা শেষে হেসেছেন মেসি আর গার্দিওলাই।
গোল করার ঘোষণা দিয়ে গোল দিতে না পারলেও মেসি খেলেছেন স্বপ্নের ফুটবলই। তবে সেরা খেলাটা খেলেছেন তার সতীর্থ জাভি হার্নান্দেজ। তাই 'গোলডটকম'র বিচারে সেরা খেলোয়াড় হয়েছেন তিনিই।
ক্রিশ্চিয়ানো রোনালদো হারিয়ে গেছেন মেসির ছায়ায়। গোটা কয়েক ফ্রিকিকেই কেবল তাকে চেনা গেছে। মাঝমাঠে যতক্ষণ মেসুত ওজিল ছিলেন, ততক্ষণ কিছুটা হলেও লড়ার চেষ্টা করেছে রিয়াল। কিন্তু তার বদলে বদলি খেলোয়াড় নামানোর পর দ্বিতীয়ার্ধে মাঠে কেবল একটা দলই ছিল, বার্সা। তাই মৌসুমে লা লিগায় প্রথম হারের লজ্জাও পেতে হয়েছে রিয়ালকে।
নিজেদের মাঠে আগের দুই খেলায় খারাপ করায় বার্সার সমর্থকরা শঙ্কিত ছিলেন। কিন্তু খেলার ১০ মিনিটেই জাভির গোল স্বস্তি এনে দেয় লাল-নীল জার্সির ভক্তদের মনে। এর আট মিনিট পর গোল করে ব্যবধান বাড়ান পেদ্রো।
প্রথমার্ধ্বে ২-০ গোলে এগিয়ে থাকার পর বার্সার ডেভিড ভিয়া ৫৫ ও ৫৮ মিনিটে আরো দু'টি গোল করেন। ফলে খেলায় আর ফিরতে পারেনি রিয়াল। অতিরিক্ত সময়ে (৯০ ) শেষ গোলটি করেন জেফ্রেঁ সুয়ারেজ।
রিয়ালেরও হতাশার বহিঃপ্রকাশ ঘটে সেই সময়। মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও র্যামোস।
টানা ২৬ খেলায় অপরাজিত থেকে ন্যু ক্যাম্পে দল নিয়ে গিয়েছিলেন কোচ মরিনহো। তবে হার মেনেই ফিরতে হয়েছে তাকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল। দলটির পয়েন্ট ৩২। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন পেপ গার্দিওলার বার্সা।
এবার নিয়ে লা লিগায় রিয়ালকে গত পাঁচ খেলার প্রত্যেকটিতেই হারাল বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এটি/টিআর/১৭২৪ ঘ.
bdnews24