ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৭-১ গোলে তারা উড়িয়ে দেয় প্রতিপক্ষকে। যাতে একাই পাঁচ গোল করেন দলের বুলগেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় দিমিতার বার্বাতভ।
একই দিন আর্সেনালও বড় জয় পেয়েছে। তারা ৪-২ গোলে হারায় শক্তিশালী অ্যাস্টন ভিলাকে। তবে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তারা ১-১ গোলে ড্র করে স্টোক সিটির সঙ্গে।
দশ ম্যাচ পর গোল পেয়েছেন বার্বাতভ। তারপর একের পর এক গোল করে গেছেন। ম্যাচের পর বলেছেন, "প্রথম গোলটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরই আত্মবিশ্বাস ফিরে পাই। বাকি গোলগুলো তারই ফসল।"
ম্যানউইয়ের হয়ে অপর দু'টি গোল করেন ন্যানি এবং পার্ক জি-সুং। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ম্যানইউ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।
অন্য খেলায় ওয়েস্টহ্যাম ৩-১ গোলে হারায় উইগানকে। আর উলভারহ্যাম্পটন ৩-২ গোলে জেতে সান্ডারল্যান্ডের বিপক্ষে।
স্প্যানিশ প্রিমেরা লিগায় ভিলারিয়াল ৩-০ গোলে হারায় জারাগোজাকে। গোল করেন মার্কোস সেনা, জিউসেপ্পি এবং নিলমার।
ইতালিয়ান সেরি 'আ'-তে এসি মিলান ১-১ গোলে ড্র করে সাম্পদোরিয়ার সঙ্গে। পাজ্জিনি এগিয়ে দিয়েছিলেন সাম্পদোরিয়াকে। সেই গোল শোধ করেন মিলানের রবিনহো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯০৭ ঘ.
bdnews24