২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা নামলো এশিয়ান গেমসের

শনিবার চীনের গুয়াংজুতে শেষ হলো ষোড়শ এশিয়ান গেমস। বেইজিং অলিম্পিকের পর এবারের এশিয়াডের আয়োজনও সফলভাবে শেষ করলো চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার চীনের গুয়াংজুতে শেষ হলো ষোড়শ এশিয়ান গেমস। বেইজিং অলিম্পিকের পর এবারের এশিয়াডের আয়োজনও সফলভাবে শেষ করলো চীন। ১৯৯টি সোনা, ১১৯টি রুপা ও ৯৮টি ব্রোঞ্জসহ মোট ৪১৬টি পদক জিতে প্রতিযোগিতার শীর্ষ স্থানে রয়েছে আয়োজক চীন। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তাদের মোট পদক সংখ্যা ২৩২। এর মধ্যে ৭৬টি সোনা, ৬৫টি রুপা ও ৯১টি ব্রোঞ্জ। পদক তালিকায় তৃতীয় হয়েছে জাপান। তারা পেয়েছে ৪৮টি সোনা, ৭৪টি রুপা ও ৯৪টি ব্রোঞ্জ। ২০টি সোনা নিয়ে চতুর্থ হয়েছে ইরান। আর ১৮টি সোনা নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাজাখস্তান। পুরুষ ক্রিকেটে সোনা, মহিলা ক্রিকেটে রুপা ও মহিলা কাবাডিতে ব্রোঞ্জসহ মোট তিনটি পদক পেয়ে প্রতিযোগিতায় ২৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবার পদক পেলেও এবার অবশ্য সবাইকে হতাশ করেছে পুরুষ কাবাডি দল। ১৬ দিনের এই প্রতিযোগিতা জমকালো ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ১২ নভেম্বর। এবারই প্রথম কোনো ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয় স্টেডিয়ামের বাইরে। মূল অনুষ্ঠানটি হয়েছিল চীনের তৃতীয় বৃহত্তম নদী পার্লের তীরে হাই জিনশা দ্বীপে। এই নদীতে সুসজ্জিত ৪৫টি নৌকায় ৪৫ দেশের অ্যাথলিটরা 'মার্চ পাস্ট' করে হাজির হয়েছিল দ্বীপটিতে। এই আসরে অংশ নেন এশিয়ার ৪৫টি দেশের ৯৭০৪ জন অ্যাথলিট। প্রতিযোগিতায় ৪২টি খেলায় ইভেন্ট ছিল ৪৭৬টি। ক্রিকেটসহ ১৬টি খেলায় অংশ নিয়েছিল বাংলাদেশি খেলোয়াড়রা। কর্মকর্তা ও খেলোয়াড়সহ বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ২৩৯। পরবর্তী সপ্তদশ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ইনচেওন শহরে, ২০১৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০৩২ ঘ.