ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছে এসি মিলান ও ফ্রান্সের অলিম্পিক মার্সেই। তবে অপেক্ষায় থাকতে হচ্ছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনালকে।
মিলান মঙ্গলবার রাতে ২-০ গোলে হারায় ফ্রান্সের ক্লাব অজেরেকে। আর মার্সেই ৩-০ গোলে জেতে স্পার্তাক মস্কোর বিপক্ষে।
তবে 'এইচ' গ্র"পে আর্সেনাল ২-০ গোলে হার মানে স্পোর্টিং ব্রাগার কাছে। ফলে শেষ ষোলতে ওঠা অনিশ্চিত হয়ে গেছে দলটির।
আরেক খেলায় এএস রোমা ৩-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখকে। ফলে পরের পর্বে ওঠার সম্ভাবনা থাকলো দলটির। বায়ার্ন অবশ্য আগেই শেষ ষোল নিশ্চিত করেছে। অন্য খেলায় বাসেল ১-০ গোলে হারায় ক্লুজকে।
আগেই শেষ ষোল নিশ্চিত করা চেলসি ২-১ গোলে হারায় এমএসকে জিলিনাকে। 'জি' গ্র"পে রিয়াল হেসে খেলে ৪-০ গোলে উড়িয়ে দেয় আয়াক্স আমস্টারডামকে।
'এইচ' গ্র"পে শাখতার দোনেৎস্ক ৩-০ গোলে পার্টিজান বেলগ্রেডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে।
রিয়ালের পর দ্বিতীয় দল হিসেবে 'জি' গ্র"প থেকে দ্বিতীয় পর্বে উঠেছে এসি মিলান। দলটির জয়ের নায়ক ইব্রাহিমোভিচ ও ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো।
খেলার ৬৪ মিনিটে অজেরের বিপক্ষে প্রথম গোল করেন ইব্রাহিমোভিচ। এ মৌসুমে মিলানের হয়ে এ পর্যন্ত ১১ গোল করেন ইব্রাহিমোভিচ। অতিরিক্ত সময়ে গোল করে মিলানের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় রোনালদিনহো।
মার্সেইয়ের পক্ষে গোল তিনটি করেন ভালবুয়েনা, রেমি ও ব্রানডাওয়ের। 'এফ' গ্র"প থেকে চেলসির সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে উঠলো মার্সেই।
আয়াক্সের বিপক্ষে ৩৬ মিনিটে প্রথম গোল করেন রিয়ালের কারিম বেনজেমা। বিরতির ঠিক আগে তীব্র শটে দ্বিতীয় গোল করেন রক্ষণভাগের খেলোয়াড় আলভারো আরবেলোয়া। দ্বিতীয়ার্ধে নিজেকে মেলে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দু'টি গোল দেন তিনি। এ মৌসুমে এ পর্যন্ত রিয়ালের হয়ে ১৯ ম্যাচে ১৮ গোল করলেন পর্তুগালের এই খেলোয়াড়।
নিজেদের মাঠে আর্সেনাল ব্রাগাকে হারিয়েছিল ৬-০ গোলে। কিন্তু প্রতিপক্ষের মাঠে তারা খেই হারিয়ে ফেলে। ম্যাথুসের দুই গোলে হেরে যায় আর্সেনাল। পরের পর্বে উঠতে হলে গ্র"পের শেষ ম্যাচে পার্টিজান বেলগ্রেডের বিপক্ষে জিততেই হবে আর্সেনালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৭১৯ ঘ.
bdnews24