ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এর আগেও পশ্চিমবঙ্গের রাজধানী, ভারতের ফুটবল নগরী কলকাতায় অনেক খ্যাতনামা বিদেশী ফুটবল তারকা এসেছেন। ২০০৮ সালে কলকাতা ঘুরে গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। এসেছেন ২০১০ বিশ্বকাপের তারকা উরুগুয়ের ডিয়েগো ফোরলান, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে গোলকিপার অলিভার কান, ব্রাজিলের সাবেক বিশ্বকাপ তারকা রোমারিও, ব্রাঙ্কোসহ আরো অনেকে।
সেই তালিকায় এবার যোগ দিচ্ছেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামও। একটি ওয়েবসাইট জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক মেগাস্টার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে কলকাতায় আসবেন।
সঙ্গে থাকতে পারেন ভিক্টোরিয়া বেকহ্যাম এবং তাদের সন্তানরা। ৬ দিনের সফরে কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লি ও রাজস্থানে যাওয়ার কথা রয়েছে বেকহ্যাম দম্পতির।
খেলাধুলার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে আসছেন বেকহ্যাম। ২০০৫ সাল থেকেই ইউনিসেফের দূত তিনি। এ ছাড়া শিশুদের উন্নতি, এইডস নিয়ে সচেতনতা প্রচার সংক্রান্ত একটি তথ্যচিত্রে অংশগ্রহণ করবেন বেকহ্যাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৭৫৭ ঘ.
bdnews24