ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ মিডিয়ায় জোর গুজব চেলসির দায়িত্ব ছেড়ে দিতে পারেন কোচ কার্লোস আনচেলত্তি। তার সঙ্গে ক্লাব কর্মকর্তাদের নাকি বনিবনা হচ্ছে না। কোচ হিসেবে আনচেলত্তি নাকি এখন কাগুজে বাঘে পরিণত হয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে চেলসি। লিভারপুলের কাছে হারার পর, টানা দুই ম্যাচে হারে সান্ডারল্যান্ড এবং বার্মিংহ্যাম সিটির কাছে। তাই চাপেও রয়েছেন আনচেলত্তি।
জানা গেছে দলের ওপর ক্রমশই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তিনি। তার কাজে কর্মে হস্তক্ষেপ করছেন কর্মকর্তারা। দল নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না আনচেলত্তি। টেকনিক্যাল কিছু কাজ করার মধ্যেই তার দায়িত্ব সীমিত হয়ে পড়েছে।
কয়েকদিন আগে চেলসির সহকারী কোচ রে উইলকিন্সকে পদচ্যূত করা হয়। তার জায়গায় নেয়া হয় মিশেল ইমেনালোকে। এটাও ঠিক মেনে নিতে পারেননি আনচেলত্তি।
বার্মিংহ্যামের কাছে হারার পর আনচেলত্তি বলেছেন, চেলসিতে তার দায়িত্ব কোনোমতেই ম্যানচেস্টারে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তুলনা করা যাবে না। "ফার্গুসনের হাতে ম্যানচেস্টারের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। যেটা চেলসিতে আমার নেই"- বলেছেন আনচেলত্তি।
প্রথম মৌসুমে চেলসিকে প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৪৪ ঘ.
bdnews24