ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইস ইনডোর্স বাসেল টেনিসের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও অ্যান্ডি রডিক। ২০০৯ সালের উইম্বলডন ফাইনালের পর এই প্রথম তারা পরস্পরের মুখোমুখি হচ্ছেন।
রডিক বলেন, "আমি সবসময়ই রজারের বিপক্ষে খেলতে চাই।"
এ পর্যন্ত ২১ বার রডিকের মুখোমুখি হওয়া ফেদেরার ১৯ বারই জিতেছেন। যদিও ফেদেরার বলেন, "মুখোমুখির সমীকরণ যা বলছে তার চেয়েও রডিক অনেক ভালো খেলে। অনেক ম্যাচেই তার বিপক্ষে জিততে আমাকে লড়তে হয়েছে।"
অন্য সেমিফাইনালে সর্বিয়ার নোভাক জকোভিচ মুখোমুখি হবেন স্বদেশী ভিক্টর তোইস্কির।
এদিকে চোটের কারণে প্যারিস মাস্টার্স ওপেন টেনিস থেকে শুক্রবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল। কাঁধের চোটের কারণে আগামী এক সপ্তাহ তাকে কোর্টের বাইরে থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০১৯ঘ.
bdnews24