২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কোচ হওয়ার পর বাতিস্তার সামনে ব্রাজিল

আর্জেন্টিনার স্থায়ী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম খেলাতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে সার্জিও বাতিস্তাকে। আগামী ১৭ নভেম্বর দোহায় প্রীতি ফুটবল ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার স্থায়ী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম খেলাতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে সার্জিও বাতিস্তাকে। আগামী ১৭ নভেম্বর দোহায় প্রীতি ফুটবল ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে। এই খেলার জন্য বুধবারই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিসহ সব তারকাই আছেন দলে। কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুইন, হ্যাভিয়ের জানেত্তি, দিয়েগো মিলিতো, সার্জিও আগুইরো, হ্যাভিয়ের মাসচেরানো, ওয়াল্টার স্যামুয়েলরা ব্রাজিলের বিপক্ষে লড়ার জন্য কিছু দিনের মধ্যেই প্রস্তুতি নিতে শুরু করবেন। খেলাটি সম্পর্কে বাতিস্তা বলেন, "ব্রাজিলের বিপক্ষে খেলা সব সময়ই আমাদের সবচেয়ে বড় লড়াই। এই খেলার আকর্ষণ সব কিছুকেই ছাড়িয়ে যায়। তাই ভালো ফুটবল দেখার আশাও বেড়ে যায় সমর্থকদের।" ব্রাজিলের বিপক্ষে সেরা একাদশ নামানোর ঘোষণা দিয়ে আর্জেন্টিনার কোচ বলেন, "কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এটা একটা উপভোগ্য খেলাই হবে বলে মনে করছি। ফুটবল বিশ্বও তাকিয়ে আছে ওই খেলার দিকে।" ৪৮ বছর বয়সী বাতিস্তাকে আগামী চার বছরের জন্য আর্জেন্টিনা দলের দায়িত্ব দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার প্রশিক্ষণে আর্জেন্টিনা শেষ আটের লড়াইয়ে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যায়। এরপরই চাকরি যায় ম্যারাডোনা। তারই জায়গা নিলেন বাতিস্তা। বাতিস্তার প্রশিক্ষণে আর্জেন্টিনা হারিয়েছে আয়ারল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। তবে হেরে গেছে জাপানের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৮১৩ ঘ.