২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিকুর একাদশ

বিশ্বের সেরা বেশ কয়েকজন গলফারের সঙ্গে লড়াই করে বাংলাদেশের সিদ্দিকুর রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম এশিয়া প্যাসিফিক ক্ল্যাসিকে আরো চার জনের সঙ্গে যৌথভাবে একাদশতম স্থান দখল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:29 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের সেরা বেশ কয়েকজন গলফারের সঙ্গে লড়াই করে বাংলাদেশের সিদ্দিকুর রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম এশিয়া প্যাসিফিক ক্ল্যাসিকে আরো চার জনের সঙ্গে যৌথভাবে একাদশতম স্থান দখল করেছেন। রোববার চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয়। চ্যাম্পিয়ন হন যুক্তরাষ্ট্রের বেন ক্রেন। রানার-আপ হন ইংল্যান্ডের ব্রায়ান ডেভিস। আর যৌথভাবে তৃতীয় হন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ইংল্যান্ডের লিউক ডোনাল্ড এবং স্কটল্যান্ডের মার্টিন লারিড। সিদ্দিকুরের আদর্শ, র‌্যাঙ্কিংয়ে এগার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার নামী গলফার আর্নে এলস পাঁচজনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থান দখল করেন। চার দিনে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন সিদ্দিকুর। রোববার প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেন বাংলাদেশের এই গলফার। চার রাউন্ডে পারের চেয়ে ১৮ শট কম খেলে শিরোপা জেতেন ক্রেন। এলস পারের চেয়ে ১৪ শট কম খেলেছেন। সিদ্দিকুরের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম নামী গলফার অ্যাডাম স্কট। যিনি এই প্রতিযোগিতায় সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে একাদশ হয়েছেন। স্কট বলেছেন, "সিদ্দিকুরের পারফরম্যান্স সত্যিই চমৎকার। ওর খেলা দেখে ভালো লেগেছে। যতটুকু জানি পেশাদার পিজিএ ট্যুরে ওই প্রথম বাংলাদেশী গলফার।" এখানেই থামেননি স্কট। আরো বলেছেন, "এই বছরটা সিদ্দিকুর বেশ ভালো খেলছে। ওর খেলার ভিতটা বেশ শক্তিশালী। ও হয়তো খুব বেশি লম্বা নয়। কিন্তু সোজা শটে দারুণ জোর। যাকে বলে ঈর্ষণীয়। ওর ইতিবাচক মানসিকতাও দারুণ। এ ভাবে খেলে যেতে পারলে আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সিদ্দিকুরের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১১৮ ঘ.