ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও স্প্যানিশ প্রিমেরা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারাল হারকিউলিসকে। একই দিন বার্সেলোনা ৫-০ গোলে উড়িয়ে দেয় সেভিয়াকে।
ইংলিশ প্রিমেরা লিগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারায় টটেনহ্যাম হটস্পারকে। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ২-১ গোলে জেতে চেলসি আর ওয়েস্ট হ্যামকে কোনো মতে ১-০ গোলে হারায় আর্সেনাল।
তবে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। শনিবার সিটি ২-১ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটনের কাছে।
আরো একবার রিয়ালের জয়ের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার শেষ আট মিনিটে দু'টি গোল করে তিনিই জিতিয়ে দেন দলকে।
খেলা শুরুর মাত্র তিন মিনিটে ডেভিড ত্রেজেগের গোলে এগিয়ে গিয়েছিল হারকিউলিস। সেই গোল প্রথমার্ধে আর শোধ করতে পারেনি রিয়াল। বিরতির পর খেলার ৫১ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান দলের আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
খেলার ৮২ মিনিটে করিম বেনজেমার শট পোস্টে লেগে ফিরে আসলে, ফিরতি বলে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। এর চার মিনিট পর বেনজেমার পাসেই নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা। লা লিগায় রোনালদোর গোলসংখ্যা এখন ১২।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি সেভিয়া। দু'টি করে গোল করেন লিওনেল মেসি এবং ডেভিড ভিয়া। অপর গোলটি করেন ড্যানি আলভেজ। শনিবার আরেক ম্যাচে ভ্যালেন্সিয়া ১-১ গোলে ড্র করে জারাগোজার সঙ্গে।
ন্যানির বিতর্কিত গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারায় টটেনহ্যামকে। খেলার ৩১ মিনিটে নেমানিয়া ভিডিচের হেডের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ।
খেলার ৮৪ মিনিটে বিতর্কিত গোলটি করেন পর্তুগালের খেলোয়াড় ন্যানি। পেনাল্টি সীমানায় ন্যানিকে ফাউল করলে তিনি পড়ে গিয়ে পেনাল্টির দাবি জানান। রেফারি তা উপেক্ষা করেন। এরপর বল হাত দিয়ে থামান ন্যানি। টটেনহ্যামের গোলরক্ষক বল খেলার মধ্যে নেই মনে করে ধীরে সুস্থে ফ্রি-কিক নেয়ার জন্য এগিয়ে যেতে থাকেন। ঠিক সেই মুহূর্তে ন্যানি উঠে বল জালে জড়িয়ে দেন। রেফারি গোলের বাঁশি বাজান।
ইউড পার্কে চেলসির বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল ব্ল্যাকবার্নই। খেলার ২১ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন বেনজানি মাওয়ারুয়ারি। কিন্তু ৩৯ মিনিটে সেই গোল শোধ করেন নিকোলাস আনেলকা। ৮৪ মিনিটে গোল করে চেলসিকে জেতান ব্রানিস্লাভ ইভানোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭১১ ঘ.
bdnews24