২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতারে আরো তিনটি রেকর্ড

ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিন শনিবার আরো তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এছাড়া বাংলাদেশ আনসারের আধিপত্য ছিল প্রশ্নাতীত। আটটি ইভেন্টের চারটিতেই সোনার পদক জিতেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিন শনিবার আরো তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এছাড়া বাংলাদেশ আনসারের আধিপত্য ছিল প্রশ্নাতীত। আটটি ইভেন্টের চারটিতেই সোনার পদক জিতেছে তারা। বাংলাদেশ সেনা বাহিনী তিনটি ও নৌ বাহিনী সোনা জেতে একটি। মেয়েদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আনসারের ডলি আক্তার সোনা জয়ের পাশাপাশি নতুন রেকর্ডও করেন। এই দূরত্ব অতিক্রম করতে তিনি সময় নেন ২ মিনিট ৫৬.৫৭ সেকেন্ড। আনসারের সোনিয়া আক্তারও হতাশ করেননি। মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইতে ৩২.১৮ সেকেন্ডে রেকর্ড করেন তিনি। অন্য রেকর্ডটি করেন সেনা বাহিনীর চার সাঁতারু মাহফিজুর, কামাল, রফিক ও রেজাউল। ৪দ্ধ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে এই রেকর্ড গড়েন তারা। এছাড়া সোনার পদক জিতেছেন ছেলেদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে সেনা বাহিনীর মাহফিজুর রহমান, মেয়েদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে সবুরা খাতুন, ছেলেদের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনা বাহিনীর কামাল হোসেন, ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইতে নৌ বাহিনীর নজরুল ইসলাম। আর ৪দ্ধ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে সোনা জিতেছে আনসার। তৃতীয় দিন শেষে আনসারের সোনার পদক জয়ের সংখ্যা দাঁড়ালো ১৩টি, সেনা বাহিনীর ৭টি, নৌ বাহিনীর ৫টি, বিকেএসপি'র ২টি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১১৬ ঘ.